বার্সার কাছে হেরেও শিষ্যদের নিয়ে গর্বিত আতলেতিকো কোচ
বার্সেলোনার বিপক্ষে এগিয়ে গিয়েও আতলেতিকো মাদ্রিদের জিততে না পারার কারণ হিসেবে অনেকেই দেখছেন ম্যাচের লম্বা সময় তাদের দুজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হওয়াকে। তবে দিয়েগো সিমেওনে তা মনে করেন না। হেরে যাওয়ার পরও শিষ্যরা ভালো খেলেছে বলে তাদের নিয়ে গর্বিত মাদ্রিদ শহরের ক্লাবটির কোচ।
স্পেনের লা লিগায় বার্সেলোনার মাঠে দশম মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। তবে প্রথমার্ধেই লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। পরে এই ব্যবধান ধরে রেখে ম্যাচ শেষ করে লুইস এনরিকের দল।
৪৪তম মিনিটে মেসিকে বাজেভাবে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখতে হয় সেই সময় ২-১ গোলে পিছিয়ে থাকা আতলেতিকোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিলিপে লুইস। ৬৫তম মিনিটে সুয়ারেসকে ফাউল করে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আরেক ডিফেন্ডার দিয়েগো গদিনকে।
