২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোরাতার জোড়া গোলে ইউভেন্তুসের বড় জয়

সেরি আতে শুরুটা বাজে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়ানো ইউভেন্তুস টানা দ্বাদশ জয় তুলে নিয়েছে। আলভারো মোরাতার জোড়া গোলে কিয়েভোকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মাস্সিমিলিয়ানো আলেগ্রির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 07:45 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

প্রতিপক্ষের মাঠে রোববার দুই অর্ধে দুটি করে গোল করে ইউভেন্তুস। ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে দেওয়ার পর ৪০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন স্পেনের স্ট্রাইকার মোরাতা।

৬১তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলেন ব্রাজিলের ডিফেন্ডার আলেক্স সান্দ্রো। ছয় মিনিট পর স্কোরশিটে নাম লেখান ফরাসি মিডফিল্ডার পল পগবা। 

এই জয়ে ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট ইউভেন্তুসের।

দিনের অন্য ম্যাচে এম্পোলিকে ৫-১ গোলে হারিয়ে শীর্ষেই আছে নাপোলি। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৫০।

পঞ্চম স্থানে থাকা রোমা ৩-১ গোলে হারিয়েছে ফ্রোসিনোনেকে। এই জয়ের পর রাজধানীর দলের পয়েন্ট ৩৮।

তৃতীয় স্থানে থাকা ফিওরেন্তিনা অবশ্য জিততে পারেনি, জেনোয়ার মাঠে গোলশূন্য ড্র করেছে তারা। সমান ম্যাচে ফিওরেন্তিনার পয়েন্ট ৪২।