রিয়ালের আবার ঘুরে দাঁড়ানোর মিশন
নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে শুরুটা ভালো হলেও রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবটা রয়েই গেছে। প্রতিপক্ষের মাঠে সেই পুরনো চেহারায় ক্রিস্তিয়ানো রোনালদোরা। গত সপ্তাহে রিয়াল বেতিসের মাঠে পয়েন্ট হারানোর ধাক্কা সামলে উঠতে এবার ঘরের মাঠে এসপানিওলকে পেয়েছে স্পেনের সফলতম ক্লাবটি।
স্পেনের লা লিগার ম্যাচটি শুরু হবে আগামী রোববার বাংলাদেশ সময় রাত দেড়টায়।
ব্যর্থতার দায়ে বছরের শুরুতে রাফায়েল বেনিতেসকে বরখাস্ত করে জিদানকে কোচের দায়িত্ব দেয় রিয়াল। ঘরের মাঠে দেপোর্তিভো লা করুনাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে রিয়ালের কোচ হিসেবে দারুণ শুরু করেন জিদান। পরের ম্যাচে আবারও ঘরের মাঠে স্পোর্তিং গিহনের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পায় রিয়াল।
এই দুই ম্যাচে রোনালদো-বেল-বেনজেমাদের খেলায় ছিল ঘুরে দাঁড়ানোর আভাস। কিন্তু প্রতিপক্ষের মাঠে দেখা যায় সেই ছন্দহীন রিয়ালকেই। বেতিসের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফেরে জিদানের দল।
এই ম্যাচ নিয়ে লিগে চলতি মৌসুমে খেলা ১০টি অ্যাওয়ে ম্যাচে রিয়ালের পরিসংখ্যান; ৪টি ড্র, দুটি হার আর চারটি জয়।
বেতিসের বিপক্ষে ড্রয়ে শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়ে ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল। গত কয়েক মাসে পারফরম্যান্সের অধারাবাহিকতা আর একের পর এক ব্যর্থতা দলটিকে একরকম কোণঠাসা করে ফেলেছে। বেশ কয়েকবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও হঠাৎ করেই আবার মুখ থুবড়ে পড়ে তারা।
সেখান থেকে আবার শুরু হয় নতুন করে ঘুরে দাঁড়ানোর মিশন। পয়েন্ট তালিকার ত্রয়োদশ স্থানে থাকা এসপানিওলের বিপক্ষে ম্যাচের আগে রিয়ালের ডিফেন্ডার পেপেকেও তাই নতুন করে শোনাতে হলো পুরনো সেই লক্ষ্যের কথা।
"সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা একটা দল হিসেবে কাজ করেছি। আর আগামী কয়েকটি ম্যাচে এটাই আমাদের করতে হবে।"
জিদানের অধীনে দলের সবাই একটু একটু করে উন্নতি করছে বলেও ক্লাবের ওয়েবসাইটে জানান পেপে।
পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখার মিশনে এই মুহূর্তে রিয়ালের সামনে বড় বাধা চোট সমস্যা। চোট কাটিয়ে ফেরার পর পাঁচ ম্যাচে ৯ গোল করেছিলেন গ্যারেথ বেল। স্পোর্তিংয়ের বিপক্ষে ফের চোট পান তিনি। পায়ের মাংসপেশিতে ব্যথা পেয়ে তিন সপ্তাহের জন্য ছিটকে পড়েন। চোট এই নিয়ে চলতি মৌসুমে তৃতীয়বারের মতো ওয়েলসের তারকা ফরোয়ার্ডকে মাঠের বাইরে ছিটকে ফেলল।
এত সব সমস্যার পরেও এসপানিওলের বিপক্ষে ফেভারিট রিয়ালই। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার সুবিধা যেমন আছে, তেমনি দলটির বিপক্ষে গত কয়েকবারের মুখোমুখি লড়াইয়ে দারুণ সফল রোনালদোরা। গত ডিসেম্বরে এবারের লিগের প্রথম পর্বে দলটিকে ৬-০ গোলে হারিয়েছিল প্রতিযোগিতার সফলতম ক্লাবটি। শেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে প্রতিটিতেই জয়ী রিয়াল।
প্রতিপক্ষের মাঠে এসপানিওলের সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়। তবে সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর দলটির মিডফিল্ডার ভিক্তর সানচেস।
প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও হারার আগে হারতে নারাজ এই স্প্যানিশ খেলোয়াড়।
"সবসময়ই তারা ভয়ঙ্কর প্রতিপক্ষ। রক্ষণে আমাদের খুবই দৃঢ় হতে হবে।... তাদেরকে সুযোগ তৈরি করতে দেওয়া যাবে না।"
