২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার আক্রমণ ত্রয়ীর প্রশংসায় সিমেওনে

বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে তাদের আক্রমণ-ত্রয়ীর প্রশংসা করেছেন দিয়েগো সিমেওনে। লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমার বিনয়ী আর তাদের মধ্যে কোনো অহংবোধ নেই বলেই তারা সাফল্য পাচ্ছে বলে মনে করেন আতলেতিকো মাদ্রিদের কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 05:19 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

স্পেনের লা লিগায় কাম্প নউতে শনিবার বার্সেলোনার মুখোমুখি হবে আতলেতিকো। এই ম্যাচে জিততে হলে মেসি, সুয়ারেস আর নেইমারের সমন্বয়ে গড়া ‘এমএসএন’ নামে পরিচিত আক্রমণ-ত্রয়ীকে থামানোর কঠিন কাজটাই করতে হবে সিমেওনের শিষ্যদের।

মেসি, সুয়ারেস ও নেইমার মিলে গত মৌসুমে ১২২ গোল করেন; তাদের অসাধারণ নৈপুণ্যেই গত মৌসুমে ট্রেবল জেতে বার্সেলোনা। এ মৌসুমেও দারুণ ছন্দে আছেন এই তিন তারকা ফরোয়ার্ড; তিনজনে মিলে এ পর্যন্ত করেছেন ৭১ গোল।

বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগের দিন সিমেওনে বলেন, “তাদের আক্রমণত্রয়ী শীর্ষ মানের। তাই আমাদের পুরো মনোযোগী থাকতে হবে।”

“সুয়ারেসকে চুক্তিবদ্ধ করায় তাদের শক্তি বেড়েছে। সুন্দর বিষয় হচ্ছে, তাদের আক্রমণভাগের খেলোয়াড়দের মধ্যে কোনো হিংসা নেই। তাদের মধ্যে সুসম্পর্ক আছে। আমরা যারা ফুটবল ভালোবাসি, তাদের জন্য এটা দারুণ এক বিষয়।”

এ ম্যাচের আগে বার্সেলোনা-আতলেতিকো দুই দলের পয়েন্টই সমান ৪৮। তবে একটি ম্যাচ বেশি খেলেছে আতলেতিকো।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগের দিন প্রতিপক্ষ বার্সেলোনাকে বিশ্বের সেরা দল বলে উল্লেখ করেন সিমেওনে। তিনি মনে করেন, বার্সেলোনার আক্রমণত্রয়ী অনেক দু:সাধ্য সাধন করছে, যেটা সহজে দেখা যায় না।

“খেলোয়াড়দের মধ্যে সাধারণত হিংসা থাকে, অহংবোধ কাজ করে। কিন্তু এখানে (এমএসএনের ক্ষেত্রে) একেবারে উল্টো।”