২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উশুতে চার সোনার স্বপ্ন

এবার মাত্র চার মাসের প্রস্তুতি; তবে ২০১০ সালের দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) পর থেকে যে বসে নেই ইতি-রাকিবরা। মাঝের বছরগুলোতে পাওয়া অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস দিয়ে তাই এবার চার সোনার পদক জয়ের স্বপ্ন দেখার সাহস পাচ্ছেন উশুর খেলোয়াড়রা।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 09:48 AM

Updated : 11 Oct 2022, 07:41 PM

আগামী ৫ ফেব্রুয়ারি ভারতের গুয়াহাটি ও শিলংয়ে হতে যাওয়া এসএ গেমসের দ্বাদশ আসরে উশুর দুই বিভাগ সান্দা আর তাওলুতে আছে মোট ২৩টি সোনার লড়াই। সরাসরি লড়াই সান্দায় ছেলেদের ছয়টি ও মেয়েদের তিনটি মিলিয়ে মোট নয়টি ইভেন্ট। আর ব্যক্তিগত কৌশল দেখানোর তাওলুতে ছেলে-মেয়েদের ইভেন্ট সাতটি করে।

মাস চারেক ধরে ১৩ জনকে নিয়ে চলছে বাংলাদেশ উশু দলের প্রস্তুতি। এদের মধ্যে তিনজন মেয়ে; তিনজনই লড়বেন সান্দায়। সান্দা বিভাগে ছেলে আছেন চার জন; বাকি ছয় জন প্রতিযোগী লড়বেন তাওলু বিভাগে পদকের জন্য।

গত আসরে উশু থেকে দুটি করে সোনা ও ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। প্রস্তুতির ঘাটতি থাকলেও অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস দিয়ে গতবারের অর্জনকে ছাপিয়ে যাওয়ার আশাবাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খেলোয়াড়, কোচরা।

মেজবাহ উদ্দিন ও ইতি ইসলাম-এই দুই জনের হাত ধরে গতবার ঢাকা গেমসে উশু থেকে দুটি সোনা জিতেছিল বাংলাদেশ। দুজনের মধ্যে মেজবাহ কোচিংয়ে জড়িয়েছেন; খেলা চালিয়ে যাওয়া ইতি যথারীতি এবারও দেখাচ্ছেন স্বপ্ন।

“ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান আমাদের আসল প্রতিদ্বন্দ্বী। এদের মধ্যে ভারত খুবই কঠিন প্রতিপক্ষ। গতবার ১৩ মাস অনুশীলন করেছিলাম; এবার মাত্র চার মাস, তবে যতটুকু আছে, ততটুকু নিয়ে এগিয়ে যেতে চাই। সোনার জন্যই লড়ব আমি। আশা করি পদক ধরে রাখতে পারব।”

“গতবার প্রতিপক্ষ সম্পর্কে ধারণাই ছিল না। কিন্তু এবার আছে। আগের ভয়টুকু এবার আর নেই”, আত্মবিশ্বাসী কণ্ঠে যোগ করেন ইতি।

উশু নিয়ে আশার উল্টো পিঠে আশঙ্কাও কম নয়। গত গেমসে খেলা ১০ জনের মধ্যে এবার আছেন কেবল ইতি আর খন্দকার রাকিব। গত আসরে দুটি ব্রোঞ্জ জেতা বাসনা খন্দকার উশু ছেড়ে বক্সিংয়ের গ্লাভস পরেছেন। সম্ভাবনাময় সাকি আক্তারও উশুর ক্যাম্প শুরু হতে দেরি হওয়ায় যোগ দিয়েছেন বক্সিং দলে। আর শিরিনা আক্তার এখন কুস্তিগীর।

ইতির বাইরে ফরিদা পারভীন ও নুর বানুকে নিয়ে সে অর্থে পদকের আশা নেই। সহকারী কোচ আনোয়ারুল রাসেলের কথাতে তা পরিষ্কার হয়ে গেলো, “সাকিকে রাখতে পারলে ভালো হত, পদক পাওয়ার সম্ভাবনা বেশি থাকত কিন্তু ক্যাম্প শুরুতে দেরি হওয়ায় সে চলে গেছে।”

আসা-যাওয়ার মধ্যে যারা এখন পর্যন্ত টিকে আছেন, তাদের নিয়েই সোনার পদকের স্বপ্ন দেখছে উশুর কোচ কর্মকর্তারা। রাসেলের বিশ্বাস ইতি পদক ধরে রাখবে আর গতবার সোনা জেতা মেজবাহর জায়গা নিতে পারবেন আমির হোসেন। সোনার পদক এনে দিতে পারেন রাকিব খন্দকার ও রহমত উল্লাহ কিশোর।

সতীর্থ রাকিবকে নিয়ে আশাবাদী ইতিও, “গতবার তার মধ্যে যে দুর্বলতা ছিল; মনে হচ্ছে সেটা এখন আর নেই। আমার বিশ্বাস এবার রাকিব ভাই সফল হবে।”

জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুশীলনের এক ফাঁকে রাকিবও জানালেন প্রত্যাশা পূরণে প্রস্তুত তিনি।

কোচ মোহাম্মদ শফিও চার সোনা জয়ের আশা প্রত্যয়ী কণ্ঠে জানিয়েছেন। তবে প্রস্তুতির সময়টা আরেকটু বেশি হতো বলেও জানান তিনি।

“চারটি গোল্ডের আশা করি আমি। তবে আশা পূরণের জন্য প্রস্তুতির সময় যথেষ্ঠ ছিল না; অন্তত ছয় মাস হলে ভালো হতো। তারপরও আমার আশা ইতি, রাকিব, আমির এবং কিশোর সোনার পদক এনে দেবে।”