টিটির জন্য রূপাও দূরের স্বপ্ন
সোনা তো দূর অস্ত; স্বপ্ন কেবল এসএ গেমসের টেবিল টেনিসের অধরা রূপার পদক জয়ের। কিন্তু বাস্তবতা মাহবুব-মানসদের পথ আগলে দাঁড়াচ্ছে।
আগামী ৫ ফেব্রুয়ারি ভারতের গুয়াহাটি ও শিলংয়ে শুরু হতে যাওয়া দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) দ্বাদশ আসরের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন টিটি খেলোয়াড়রা।
এবার টেবিল টেনিসে মোট চারটি ইভেন্ট। ছেলেদের একক ও দ্বৈত থাকলেও মেয়েদের শুধু দ্বৈত; আর আছে মিশ্র দ্বৈত।
এসএ গেমসের টেবিল টেনিসে (টিটি) বাংলাদেশের অতীতটা সে অর্থে সুখের নয়। ১৯৯১ সালে কলম্বোর আসরে জেতা ব্রোঞ্জ এই ইভেন্ট থেকে বাংলাদেশের পাওয়া প্রথম পদক। পরের আসরগুলোয় ব্রোঞ্জের বৃত্ত থেকে বেরিয়ে আসা যায়নি। ১৯৯৩ সালে ১টি, ১৯৯৫ সালের ২টি আর ২০১০ সালের তিনটি মিলিয়ে তাই টিটির সাতটি পদকই ব্রোঞ্জের। রূপা এখনও দূরের স্বপ্ন রয়ে গেছে।
২০১০ সালে বাড়ির উঠানে হওয়া আসরেও মাহবুব বিল্লাহ পেয়েছিলেন এককের ব্রোঞ্জ। পল্টনের উডেনফ্লোর জিমনেশিয়ামে জাভেদ আহমেদের সঙ্গে অনুশীলনের ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এবার তিনি জানালেন রূপা জয়ের লক্ষ্য। তবে লক্ষ্য পূরণে ‘শর্তও’ জুড়ে দিলেন ঘরোয়া টুর্নামেন্টেরর পাঁচবারের এই চ্যাম্পিয়ন।
“আমরা যদি ভালো করতে পারি, তাহলে রূপা জেতা সম্ভব। তবে রূপা পেতে হলে অবশ্যই শ্রীলঙ্কাকে হারাতে হবে। প্রস্তুতি মোটামুটি কিন্তু শ্রীলঙ্কাকে হারাতে পারব, এটা নিশ্চিতভাবে বলা কঠিন। ওরা খুব ভালো দল।”
প্রস্তুতির ঘাটতি থেকে যাওয়ার কথা স্বীকার করলেন মাহবুবও, “২০১৫ সালে আমরা জাতীয় আর প্রাইজমানির দুটি টুর্নামেন্ট খেলেছি। আন্তর্জাতিক পর্যায়ে এশিয়ান গেমস। এর আগে ২০১৪ সালের কমনওয়েলথ গেমস। শেষ সময়ে হলেও বিদেশি কোচ আনায় ভালো হয়েছে কিন্তু আরও আগে আনার দরকার ছিল।”
ঘরোয়া টিটির পাঁচবারের সেরা মানস চৌধূরী সর্বশেষে আসরে চ্যাম্পিয়ন হয়েছেন মাহবুবকে হারিয়ে। মানস অনুশীলন করছেন চট্টগ্রামে। মাহবুব জানালেন, দুই বন্ধু এবার ব্রোঞ্জের বৃত্ত ভাঙতে উন্মুখ হয়ে আছেন, “আশা করি, আমরা এবার পদক আনতে পারব।”
সাদিয়া রহমান মৌ, স্নিগ্ধা সুলতানা, শারমীন আক্তার মিনারা, রহিমা আক্তার ও মৌমিতা আলম-এই পাঁচজনে গড়া মেয়েদের দল। গত এসএ গেমসে ছেলেদের মতো মেয়েরাও পেয়েছিল দলগত ব্রোঞ্জ। রহিমা-শারমীনদের নিয়েও আশাবাদী মাহবুব।
