২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তায়কোয়ান্দোতে সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ

দক্ষিণ কোরিয়ান কোচ লি জুং সাং অতটা আশাবাদী নন; কিন্তু সুমি-মিজানুর-জাহিদুল হাল ছাড়তে রাজি নন। দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) গত আসরের মতো এবারও সাফল্য পেতে উন্মুখ তিনজনই। তায়কোয়ান্দোতে তাই পদকের আশা এই তিন জনকে ঘিরে।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 10:09 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

আগামী ৫ ফেব্রুয়ারি ভারতের গুয়াহাটি ও শিলংয়ে শুরু হতে যাওয়া এবারের আসরের ১০টি ওজন শ্রেণিতে সোনার পদকের লড়াই হবে। ছেলেদের পাঁচ ও মেয়েদের তিন ইভেন্ট মিলিয়ে ৮টি ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ।

পাঁচ জন ছেলে আর তিন জন মেয়ে নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে গত অগাস্ট থেকে চলছে ক্যাম্প। চেস্ট গার্ডে, পায়ের মোজায় ইলেক্ট্রনিক সেন্সর নেই। নিখুঁত নিশানায় পা লাগল কি না, তা দেখা-বোঝার জন্য চোখই ভরসা। তবে প্রস্তুতির সীমাবদ্ধতা মেনে নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গত আসরের সাফল্য ধরে রাখার প্রতিশ্রুতি দিলেন খেলোয়াড়রা।

এসএ গেমসে তায়কোয়ান্দোতে বাংলাদেশের এ পর্যন্ত অর্জন তিনটি সোনা ও সাতটি ব্রোঞ্জ। এই তিন সোনার দুটি ২০১০ সালের গত আসরে জেতা। অনূর্ধ্ব-৪৬ কেজি ওজন শ্রেণিতে শারমিন ফারজানা রুমি আর অনূর্ধ্ব-৪৯ কেজি ওজন শ্রেণিতে শাম্মি আক্তার দেশকে উপহার দিয়েছিলেন সোনার পদক। রুমি তায়কোয়ান্দো ছেড়ে হ্যান্ডবলে নাম লিখিয়েছেন, শাম্মী ব্যস্ত সংসার নিয়ে।

এই দুই সোনার মেয়ের অভাব পূরণের ভার সুমনা মুন্নি, প্রভা চাকমা আর বন্দনা বিশ্বাসের কাঁধে। সম্ভাবনাময় শ্রাবণী, শাহানাজ পারভীনরাও নিজেদের গুটিয়ে নেওয়াতে সাফল্য ধরে রাখার কাজটা নতুনদের জন্য হয়ে পড়েছে আরও কঠিন। তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা বাস্তবতা মেনেই বাঁচা-মরার লড়াইয়ে নামতে চান।

“মিজান, জাহিদ, মুন্নি ওদের থেকে আমরা আশা করতে পারি। ভারত, আফগানিস্তান, নেপাল দলেও ভালো খেলোয়াড় আছে। কিন্তু এসব নিয়ে ভাবলে চলবে না। ২০১০ সালে মিজান ভালো করেনি; কিন্তু আমার দেশে তো ও-ই সেরা। ও শেষ হয়ে গেলে, আমরাও শেষ।”

হেভিওয়েটে (৮৭ কেজি প্লাস) এবার লড়বেন মিজানুর রহমান। ২০০৬ কলম্বো গেমসে অনূর্ধ্ব-৮১ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতা এই তারকা ঢাকার আসরে হতাশ করেন। এবার ভালো ফলের ব্যাপারে আশাবাদী তিনি।

“কেউই নিশ্চিত করে বলতে পারবে না আমি পদক জিততে পরব; পদক ধরে রাখতে পারব। যে কোনো দেশের দুই-তিনজন ভালো থাকতে পারে, একই গ্রুপে পড়লে বাদ পড়তে হতে পারে। গতবার যেমন আমি শুরুতেই নেপালের প্রতিপক্ষের সামনে পড়েছিলাম। এবার প্রস্তুতি ভালো। আমিও আশা নিয়েই মাঠে নামব।”

টানা পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন জাহিদুল ইসলামের যুব কমনওয়েলথ গেমস, জুনিয়র এশিয়ান গেমস, যুব অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়েছেন। ফ্লাইওয়েট ক্যাটাগরিতে খেলা জাহিদুল পদক খরা দূর করতে উন্মুখ।

“এটা সত্য যে, কোথাও পদক পাইনি। এতগুলো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্তত এসএ গেমসে একটা পদক জিততে চাই।’

যুদ্ধ করে জেতার সাহসটা মুন্নির মধ্যে দেখেছেন তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক। মুন্নিও আত্মবিশ্বাসী।

“প্রস্তুতি প্রায় ৯০ ভাগ শেষ। গত গেমসে মেয়েরা দুইটা পদক জিতেছে। সবাই এবার আমাদের কাছে আশা করছে। অবশ্যই আমার গোল্ড জেতার লক্ষ্য থাকবে।”

১৯৯৯ কাঠমান্ডু গেমসের তায়কোয়ান্দো থেকে বাংলাদেশের প্রাপ্তি চারটি ব্রোঞ্জ; ২০০৪ সালে মাত্র একটি ব্রোঞ্জ। এরপরই কলম্বোতে সোনা। সাফল্য গতবারও ধরে রাখা গিয়েছিল মেয়েদের কল্যাণে।

এবার খেলোয়াড়রা যখন প্রতিশ্রুতির ডালি মেলে ধরছেন; তখন তায়কোয়ান্দো কোচ লি জুং সাং তুলে ধরলেন আসল বাস্তবতা। কোরিয়ান হলেও দীর্ঘ সময় বাংলাদেশে থাকার কারণে ভাঙা বাংলাতেই বললেন, “গত বারের চেয়ে এবার দলটা আরও খারাপ। মিজানের তো বয়স হয়ে গেছে। বাকিরা নতুন। তবে আমাদেরও সুযোগ আছে; ওদের পক্ষে পদক আনা সম্ভব।”