‘বার্সা-আতলেতিকো ম্যাচ শিরোপা নির্ধারণী নয়’
লা লিগার ফিরতি পর্বে আতলেতিকো মাদ্রিদকে হারাতে পারলে এক ম্যাচ কম খেলে তিন পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকবে বার্সেলোনা। অনেকের মতেই তাই এ ম্যাচের ফল শিরোপা নির্ধারক হয়ে উঠবে। বার্সেলোনা কোচ লুইস এনরিকে অবশ্য তেমনটা মনে করেন না।
শিরোপাপ্রত্যাশী এই দুই দলেরই পয়েন্ট সমান ৪৮। তবে প্রথম পর্বে জেতায় মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে লিগের শীর্ষে আছে বার্সেলোনা। গত সেপ্টেম্বরে আতলেতিকোর মাঠে ২-১ গোলে জিতেছিল মেসি-নেইমাররা।
কাতালুনিয়া দলটি আবার একটি ম্যাচ কমও খেলেছে। প্রথম পর্বে না খেলা ওই ম্যাচে এনরিকের দলের প্রতিপক্ষ পয়েন্ট তালিকায় নিচের দিকে থাকা স্পোর্তিং গিহন। তাই ভবিষ্যতে হতে যাওয়া ওই ম্যাচে প্রত্যাশিত জয় পেলে মোট ছয় পয়েন্টে এগিয়ে যাবে বার্সেলোনা।
শুক্রবারের সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “এই ম্যাচ শিরোপা নির্ধারণী নয়। (ম্যাচের ফল) যাই হোক না কেন, শীর্ষস্থানের লড়াইটা কঠিনই থাকবে। না, আমি তাই আমি বলব না যে, আগামীকাল আমরা লিগ শিরোপা অর্ধেকটা জিতে নেওয়ার জন্য খেলব।”
এবার ঘরের মাঠ কাম্প নউয়ে খেলবে বার্সেলোনা। শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচটি।
