‘রোনালদিনিয়োকে নয়, মেসিকে অনুসরণ করুক নেইমার’
রোনালদিনিয়োকে নয়, লিওনেল মেসিকে অনুসরণ করে বেড়ে উঠুক নেইমার; ব্রাজিলের সাবেক ডিফেন্ডার এডমিলসন এটাই চাইছেন।
ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনিয়ো কিছুদিন আগেই বলেছিলেন, নেইমার তার সত্যিকারের উত্তরসূরি।
বল নিয়ে অসাধারণ সব কারিকুরি দেখিয়ে নেইমার মাঝে মধ্যেই বার্সেলোনার সাবেক তারকা রোনালদিনিয়োর পুরানো সময়টাকে মনে করিয়ে দেন। তবে বার্সেলোনার আরেক সাবেক তারকা এডমিলসন মনে করেন, নেইমারের সঠিক আদর্শ মেসি।
“রোনালদিনিয়ো খেয়ালি পথ অনুসরণ করেছে। হয়তো মাঠ আর মাঠের বাইরে তাকে পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না।”
তবে রোনালদিনিয়োর ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষমতাটা নেইমার পেলে খুশিই হবেন এডমিলসন।
“রোনালদিনিয়োর পর্যায়ে যেতে হলে তাকে বড় ম্যাচের ফল নির্ধারক হওয়াটা বাড়াতে হবে। নেইমার অনেকটাই রোনালদিনিয়োর মতো; খুব আমুদে, সব সময় হাসিখুশি।”
“নেইমার পাঁচটি শিরোপা জিতেছে। আর এটা ক্লাবে তাকে বাকি জীবনের জন্য গেঁথে রাখবে। বার্সেলোনা ওর স্বপ্ন ছিল। অন্য দলগুলোর প্রস্তাবের ভীড়ে সে এটা বেছে নিয়েছে। মাদ্রিদের জন্য সে হয়ত ক্লাবটি ছাড়বে না।”
নেইমার বিশ্বসেরা হওয়ার জন্য মুখিয়ে আছেন বলে মনে করেন এডমিলসন।
