সিঙ্গাপুরে কাটের নিচে সিদ্দিকুর
২০১৬ সালে নিজের খেলা প্রথম এশিয়ান ট্যুরের আসরেই হতাশ করেছেন সিদ্দিকুর রহমান। দ্বিতীয় দিনের খেলা তিনি শেষ করেছেন কাট-এর নিচে থেকে।
শুক্রবার দ্বিতীয় রাউন্ডের খেলা পুরোপুরি শেষ না হলেও সিদ্দিকুরের সিঙ্গাপুর ওপেন থেকে ছিটকে পড়া অনেকটাই নিশ্চিত।
এসএমবিসি সিঙ্গাপুর ওপেনের দ্বিতীয় দিনে তিনটি বার্ডি, তিনটি বোগি ও দুটি ডাবল বোগিতে পারের চেয়ে চার শট বেশি খেলেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ৬ শট বেশি খেলে ১২৫তম স্থানে আছেন তিনি।
বজ্রপাতের আশঙ্কায় নির্ধারিত সময়ে আগে শেষ হওয়া প্রথম দিনের খেলায় পারের সমান শট খেলেন সিদ্দিকুর। দ্বিতীয় দিনের শুরুতে পারের চেয়ে দুই শট বেশি খেলে প্রথম রাউন্ড শেষ করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে নয় শট কম খেলে শীর্ষে রয়েছেন দক্ষিণ কোরিয়ার ইয়ংহান সং।
