‘ইনিয়েস্তা-ওজিল মানের ফিরমিনো’
লিভারপুলের মিডফিল্ডার রবের্তো ফিরমিনোকে বার্সেলোনার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা আর আর্সেনালের মেসুত ওজিলের মানের বলে মনে করেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনিয়ো।
জার্মানির ক্লাব হফেনহেইম থেকে গত বছর ২ কোটি ৮৭ লাখ পাউন্ডে ব্রাজিলের মিডফিল্ডার ফিরমিনোকে দলে নেয় লিভারপুল।
চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচটি গোল করেন ২৪ বছর বয়সী ফিরমিনো, যার চারটি তিনি করেন সবশেষ চার ম্যাচে। এর পাশাপাশি সতীর্থদের দিয়ে পাঁচটি গোল করান ফিরমিনো।
ইংল্যান্ডের সংবাদপত্র দ্য মিররকে রোনালদিনিয়ো বলেন, “সে লিভারপুলের একজন গ্রেট খেলোয়াড় হবে কিনা, এটা নিয়ে আমি কখনও প্রশ্ন তুলিনি। আমি জানতাম, সে তা-ই হবে।”
লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ ফিরমিনোকে ঘিরেই তার দলটি গড়ে তুলবেন বলে মনে করেন বার্সেলোনা ও এসি মিলানের সাবেক তারকা রোনালদিনিয়ো।
“ক্লপ বিশ্বের সেরা কোচদের একজন। সে জানে, লিভারপুলের আরও ভালো খেলোয়াড় লাগবে। সে জানে, নিজের সেরাটা পেতে ফিরমিনোর চারপাশে আরও ভালো খেলোয়াড় লাগবে।”
