রিয়াল-গুঞ্জন উড়িয়ে দিলেন নেইমার
রিয়াল মাদ্রিদ-গুঞ্জন উড়িয়ে দিয়ে বার্সেলোনায় খুব সুখে আছেন বলে জানিয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার।
স্পেনের গণমাধ্যমে বলা হচ্ছে, দারুণ ছন্দে থাকা বার্সেলোনার ফরোয়ার্ডকে পেতে চায় রিয়াল মাদ্রিদ। তবে বিন স্পোর্টসকে নেইমার বলেন, বার্সেলোনায় আরও অনেক বছর থাকতে চান তিনি।
“সব কিছু নিয়েই আলোচনা আছে; চুক্তি নবায়ন আর সব কিছু নিয়ে। আমি বার্সেলোনায় খুব সুখে আছি। প্রায় সব কিছুই আছে আমার।”
“এখান থেকে চলে যাওয়া কঠিন। কারণ, আমি দারুণ একটি শহর, দারুণ একটি ক্লাব, কিছু অন্য গ্রহের খেলোয়াড় পেয়েছি। আর আমার জন্য এটা কঠিন। কিন্তু আমাদের সব কিছুই দেখতে হয়,” যোগ করেন ২৩ বছর বয়সী নেইমার।
“কিন্তু আমাদের শান্ত থাকতে হবে কারণ আমার চুক্তির মেয়াদ আরও কয়েক বছর আছে।”
বার্সেলোনার সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০১৮ সাল পর্যন্ত।
এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ২১ গোল করা নেইমার বলেন, “বার্সেলোনার সমর্থকদের শান্ত থাকা উচিত; কারণ আমি ক্লাবে আছি এবং ট্রেবল জেতার জন্য আমাদের অনেক ম্যাচ খেলতে হবে।”
