২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদুরিসের অভিযোগের জবাব নেইমারের

মাঠে প্রতিপক্ষের মাথার উপর দিয়ে বল নিয়ে যাওয়ার মতো কিছু কারিকুরির জন্য নেইমারের ভীষণ সমালোচনা করেছিলেন আথলেতিক বিলবাওয়ের ফরোয়ার্ড আরিৎজ আদুরিস। বার্সেলোনা ফরোয়ার্ড অবশ্য এসবে কান না দিয়ে নিজের স্বভাবসুলভ খেলাটাই খেলে যেতে চান বলে জানিয়েছেন।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 02:09 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

গত ২০ জানুয়ারি স্প্যানিশ কাপের শেষ আটের প্রথম পর্বের ম্যাচে দ্বিতীয়ার্ধে ফ্লিক করে আদুরিসের মাথার উপর দিয়ে বল নিয়ে গিয়েছিলেন নেইমার। কিন্তু আদুরিস নেইমারকে ফেলে দিয়েছিলেন, নেইমারকে ডিঙ্গিয়ে যাওয়ার সময় মাড়িয়েও দিয়েছিলেন।   
 
বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরে যাওয়া ওই ম্যাচ শেষে আদুরিস দাবি করেছিলেন, নেইমারকে ইচ্ছা করে পা দিয়ে মাড়াননি তিনি। 
 
সম্প্রতি নেইমারের সমালোচনা করে আদুরিস বলেন, ব্রাজিল অধিনায়ক দেখনদারি ফুটবল খেলেন এবং তার মধ্যে শ্রদ্ধাবোধের অভাব আছে। নেইমারের এই মানসিকতা পরিবর্তন করা উচিত বলেও মনে করেন আথলেতিকের ফরোয়ার্ড।

বিষয়টি নিয়ে বিন স্পোর্টসকে নেইমার বলেন, “আমি কাউকে উস্কে দেই না। ড্রিবল আমার ফুটবল খেলার ধরন। …কিছু মানুষ আছে যারা ফুটবল পছন্দ করে না, ড্রিবলিং পছন্দ করে না; কিন্তু আমার কাছে এটা দারুণ। তারা কি বলে তাতে আমি পাত্তা দেই না। কারণ, ড্রিবলিং আর গোল দিয়ে দলকে সাহায্য করতে হবে আমাকে। আমাকে এটাই করতে হবে।”

আদুরিসকে নিয়ে নেইমার বলেন, “আমার কাছে আদুরিস দারুণ একজন খেলোয়াড়, দারুণ একজন নেতা। কিন্তু আমি মনে করি, সে যা বলেছে সেটা ভুল।”

নিজের স্বভাবসুলভ খেলা খেলতে গিয়ে মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়দের কাছ থেকে কখনও কখনও লাথিও খেতে হয় বলে উল্লেখ করেন নেইমার। তবে তিনি এর বদলে কাউকে উল্টো আঘাত করেন না বলে দাবি করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

২০১৫ সালের বর্ষসেরা পুরস্কারের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা নেইমার বলেন, “আমার খেলার ধরন হচ্ছে ড্রিবল করা। আমার লক্ষ্য হচ্ছে গোল করা। আমি মনে করি, সে (আদুরিস) যা বলেছে তাতে সামান্য ভুল আছে। কিন্তু আমি তাকে শ্রদ্ধা করি। কারণ, সে দারুণ একজন ফরোয়ার্ড।”

“আপনি যখন দ্রুতগামী একজন খেলোয়াড় বা ড্রিবল করা কাউকে আটকাতে পারেন না, তখন ট্যাকল করেন, লাথি দেন। আর আমি এতে অভ্যস্ত,” যোগ করেন ২৩ বছর বয়সী নেইমার।

নিজেদের মাঠে গত বুধবার দ্বিতীয় পর্বে আথলেতিককে ৩-১ গোলে হারিয়ে কোপা দেল রের শেষ চারে জায়গা করে নেয় বার্সেলোনা। প্রথম পর্বের মতো এ ম্যাচেও একটি গোল করেন নেইমার।