২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেরা ফর্মে আগুয়েরো’

সের্হিও আগুয়েরো তার সেরা ফর্মে ফিরেছেন বলে মনে করেন ম্যানচেস্টার সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 06:03 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

পুরনো খবর:

আগুয়েরোর গোলে লিগ কাপের ফাইনালে সিটি

লিগ কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বে গত বুধবার নিজেদের মাঠে এভারটনের বিপক্ষে সিটিকে ৩-১ ব্যবধানের জয় এনে দিতে অসাধারণ এক গোল করেন আগুয়েরো।

প্রতিপক্ষের মাঠে প্রথম পর্বের ম্যাচটি ২-১ গোলে হারা সিটি ফাইনালে ওঠে আর্জেন্টিনা ফরোয়ার্ড আগুয়েরোর এই গোলেই।

সম্প্রতি চোট কাটিয়ে ফেরা আগুয়েরো সবশেষ খেলা ৩ ম্যাচে এই নিয়ে ৫টি গোল করলেন।

২৬ গোল করে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়া আগুয়েরোর এই ফর্ম নিয়ে খুশি পেল্লেগ্রিনি।  

“আজ রাতে সে সেরা গোলটি করেছে। তার একটি শট পোস্টে লেগেছে। সব সময়ই প্রতিপক্ষের জন্য বিপদ সৃষ্টি করছে। তাই আমি মনে করি, সে তার সেরা ফর্মে ফিরেছে।”

ওয়েম্বলিতে আগামী ২৮ ফেব্রুয়ারি লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ লিভারপুল।