২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞার আগে শক্তি বাড়াবে না রিয়াল

আগামী দুই দলবদলের মৌসুমে খেলোয়াড় চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে রিয়াল মাদ্রিদের উপর নিষেধাজ্ঞা থাকলেও তাতে চিন্তিত নয় ক্লাবটি। কোচ জিনেদিন জিদানের পর এবার সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসও জানিয়ে দিলেন, চলতি দলবদলের বাজারে কোনো খেলোয়াড় কিনবেন না তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 09:54 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

১৮ বছরের নীচে আন্তর্জাতিক ফুটবলার চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে নিয়ম ভাঙায় রিয়াল ও আতলেতিকো মাদ্রিদের উপর দলবদলের আগামী দুই মৌসুমে খেলোয়াড় চুক্তিবদ্ধ করায়  নিষেধাজ্ঞা দেয় ফিফা। ফলে অনেকেরই ধারণা ছিল, চলতি দলবদলের বাজারে কিছু খেলোয়াড় চুক্তিবদ্ধ করে রাখবে ইউরোপের ফুটবলের সফলতম দল রিয়াল।

সে সম্ভাবনা আগেই নাকচ করেন নতুন কোচ জিদান। তার দলে নতুন খেলোয়াড়ের প্রয়োজন নেই বলে জানান এই ফরাসি কোচ। আর এবার একই রকম কথা বললেন পেরেস।

ফ্রান্স ফুটবলকে পেরেস বলেন, “শীতকালীন এই দলবদলের বাজারে আমরা কোনো খেলোয়াড় চুক্তিভুক্ত করব না; তবে এর সঙ্গে শাস্তির কোনো সম্পর্ক নেই। এর কারণ হচ্ছে, আমরা সেরা খেলোয়াড় এবং সেরা ট্রেনার আছে।”