রেকর্ড গড়ে চীনের ক্লাবে ব্রাজিলের রামিরেস
ব্রাজিলের মিডফিল্ডার রামিরেস ট্রান্সফার ফির রেকর্ড গড়ে চেলসি ছেড়ে চীনের ক্লাব জিয়াংসু সুনিংয়ে যোগ দিয়েছেন।
রামিরেসের চলে যাওয়ায় খবরটি ক্লাব চেলসি বুধবার তাদের টুইটারে নিশ্চিত করেছে। তবে ট্রান্সফার ফির বিষয়ে তারা কিছুই জানায়নি।
তবে গণমাধ্যমের খবর অনুযায়ী দুই কোটি ৮০ লাখ ইউরোর বিনিময়ে চাইনিজ সুপার লিগের ক্লাবটিতে যোগ দিয়েছেন ২৮ বছর বয়সী রামিরেস। এর আগে ক্লাবটি এত বেশি অর্থের বিনিময়ে কখনও কোনো খেলোয়াড়কে দলে নেয়নি।
২০১০ সালে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেওয়া রামিরেস চেলসির হয়ে ২৫১ ম্যাচ খেলে ৩৪টি গোল করেন। এ সময়ে লন্ডনের ক্লাবটির হয়ে একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও একটি প্রিমিয়ার লিগসহ মোট পাঁচটি শিরোপা জেতেন তিনি।
ক্লাবের ওয়েবসাইটে রামিরেসকে গত সাড়ে পাঁচ বছরে অবদানের জন্য ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানায় চেলসি কর্তৃপক্ষ।
