মেসির মতো হওয়া খুব কঠিন: দিবালা
পাওলো দিবালার খেলা দেখে অনেকেই তাকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। তবে দারুণ ছন্দে থাকা ইউভেন্তুসের এই স্ট্রাইকার মনে করেন, আর্জেন্টিনা অধিনায়কের পর্যায়ের খেলোয়াড় হওয়াটা খুব কঠিন।
পাঁচ বারের বর্ষসেরা বার্সেলোনা তারকা মেসির কাছাকাছি পর্যায়ে যেতে পারলেও খুব খুশি হবেন বলে জানান দিবালা।
“খুব কম খেলোয়াড়ই আছে যারা মেসির পর্যায়ে যেতে পারে। আমি সব সময় নিজের মতো খেলার চেষ্টা করছি। আমি একনিষ্ঠ থেকে কঠোর পরিশ্রম করে উন্নতি করে যাওয়ার চেষ্টা করি।”
ইতালির ক্রীড়া দৈনিক কোররিয়েরে দেল্লো স্পোর্তকে আর্জেন্টিনার স্ট্রাইকার দিবালা বলেন, “আসলে মেসিকে এখনও জানতে পারিনি। আমি যখন জাতীয় দলে ডাক পেয়েছিলাম, তখন তিনি সেই দলে ছিলেন না।”
দিবালা যেমন ইউভেন্তুসে দারুণ ফুটবল উপহার দিয়ে যাচ্ছেন, ইতালির আরেক ক্লাব নাপোলিতেও তেমনি ছন্দময় খেলছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন। আগামী ১৩ ফেব্রুয়ারি সেরি আতে নাপোলির মুখোমুখি হবে দিবালার ইউভেন্তুস। স্বদেশির এমন ফর্মে খুশি দিবালা হিগুয়াইনের বিপক্ষে খেলতে প্রস্তুত।
“গনসালোর ভালো ফর্মটা আমি উপভোগ করছি। কারণ, তিনি আমার স্বদেশি। তাকে গোল করতে দেখে আমি খুশি। কিন্তু আশা করছি, আমাদের বিপক্ষে তিনি গোল করবেন না।”
