২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে খেলার লোভনীয় প্রস্তাবে ব্রাজিলের লিমার না

ইউরোপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চান সান্তোসের লুকাস লিমা। তাই চীনের ক্লাব থেকে পাওয়া বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ব্রাজিলের এই মিডফিল্ডার। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 05:18 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

ইতালির তোরিনো আর পর্তুগালের পরাশক্তি পোর্তো লিমাকে পেতে চায় বলে গুঞ্জন চলছে। এরই মধ্যে খবর আসে, সান্তোসের এই মিডফিল্ডারকে পেতে চায় চীনের দুটি ক্লাব জিয়াংসু সুনিং ও সাংহাই এসআইপিজি।
 
চীনে পাড়ি জমালে মাসে ২ লাখ পাউন্ড করে আয় করার সুযোগ থাকার পরও রাজি হননি বলে জানান লিমা। 
 
ব্রাজিলের টিভি চ্যানেল ইস্পোর্তে ইন্তেরাতিভোকে লিমা বলেন, “প্রচুর টাকা। প্রতি মাসে তিন মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল, পাঁচের কাছাকাছি।”

“আমি বাবা আর আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। বাবা সবসময়ই বলেন, জীবনে টাকাই সব নয়। সুখী হওয়াটাও গুরুত্বপূর্ণ,” যোগ করেন ২৫ বছর বয়সী লিমা।
 
ব্রাজিলের হয়ে ৫টি ম্যাচ খেলা লিমা বলেন, “এটা বলছি না যে, আমার টাকা আর ধনী হওয়ার ইচ্ছা নেই। এটা বললে মিথ্যা বলা হবে। কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়েছি আমার সুখের জন্য। আমার স্বপ্ন হচ্ছে, ব্রাজিল জাতীয় দল আর ইউরোপে খেলা।”