২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিতে মুখোমুখি ফেদেরার-জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর রজার ফেদেরার ও বর্তমান এক নম্বর নোভাক জোকোভিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 02:34 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় মঙ্গলবার সপ্তম বাছাই জাপানের কেই নিশিকোরিকে সহজেই ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে শেষ চারে ওঠেন সার্বিয়ার জোকোভিচ।

এবার দিয়ে ষষ্ঠবারের মতো বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন জোকোভিচ। শেষ চারে ওঠা আগের পাঁচবারের প্রতিটিতেই চ্যাম্পিয়ন হন তিনি।

এর আগে কোয়ার্টার-ফাইনালের অন্য ম্যাচে ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের তমাস বের্দিচকে ৭-৬, ৬-২, ৬-৪ গেমে হারান তৃতীয় বাছাই ফেদেরার।

মেলবোর্ন পার্কের এ প্রতিযোগিতায় পঞ্চম শিরোপার সন্ধানে থাকা ফেদেরার এই নিয়ে গ্র্যান্ড স্ল্যামে ৩৯তম বারের মতো সেমি-ফাইনালে উঠলেন। ২০১২ সালের উইম্বলনডন জয়ের পর অবশ্য গ্র্যান্ড স্ল্যামে আর কোনো শিরোপা জেতেননি এই সুইস তারকা।

১৯৭৯ সালের পর সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে উঠলেন ফেদেরার। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই তারকার বয়স এখন ৩৪ বছর ১৭৬ দিন।

এবার দিয়ে ৪৫তম বারের মতো মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছেন এই দুই তারকা। আগের ৪৪টি লড়াইয়ে সমান ২২ বার করে জিতেছেন তারা।

সবশেষ তাদের মুখোমুখি দেখা হয়েছিল গত বছরের এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা নির্ধারণী ম্যাচে; সে লড়াইয়ে সরাসরি সেটে জেতেন জোকোভিচ।

মোট মুখোমুখি লড়াইয়ের মতো শুধু অস্ট্রেলিয়ান ওপেনেও তাদের জয়-পরাজয় সমানে সমান। দুই বারের দেখায় একটি করে ম্যাচ জিতেছেন জোকোভিচ-ফেদেরার।

সব গ্র্যান্ড স্ল্যাম মঞ্চে মুখোমুখি লড়াইয়ের হিসেবে অবশ্য এগিয়ে আছেন জোকোভিচ; ফেদেরারের সঙ্গে ১৪ বারের দেখায় আটবার জিতেছেন তিনি।

আবারও ফেদেরারের মুখোমুখি হওয়া নিয়ে কোয়ার্টার-ফাইনাল শেষে জোকোভিচ বলেন, “সবসময়ই এটা দারুণ চ্যালেঞ্জের। তাকে আমি অনেক সম্মান করি।"

পরিসংখ্যান আর সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে কদিন আগে গ্র্যান্ড স্ল্যামে ৩০০তম ম্যাচ জয়ের মাইলফলক ছোঁয়া ফেদেরারের বিপক্ষে সময়ের সেরা তারকা জোকোভিচের আরেকটি জমজমাট লড়াইয়ের প্রত্যাশা টেনিসপ্রেমীদের।