শারাপোভাকে উড়িয়ে সেমিতে সেরেনা
রাশিয়ার মারিয়া শারাপোভাকে টানা ১৮তম বারের মতো হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস।
মেলবোর্ন পার্কে মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই যুক্তরাষ্টের সেরেনার সামনে দ্বিতীয় সেটে দাঁড়াতেই পারেনি পঞ্চম বাছাই শারাপোভা। ২২তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় লক্ষ্য করা ৩৪ বছর বয়সী সেরেনা ১ ঘণ্টা ৩২ মিনিটের এই লড়াইয়ে জেতেন ৬-৪, ৬-১ গেমে।
২৮ বছর বসয়ী শারাপোভা গত ১২ বছর ধরে হারাতে পারেনি সেরেনাকে। ফাইনালে উঠার লড়াইয়ে মার্কিন তারকা মুখোমুখি হবেন চতুর্থ বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকার।
রাদভান্সকা ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন দশম বাছাই স্পেনের কার্লা সুয়ারস নাভাররোকে।
সেমি-ফাইনালে ওঠার পর সেরেনা জানান, আগের ম্যাচগুলোয় আক্রমণাত্মক খেলে আসলেও প্রথম সেটে সেভাবে খেলতে পারেননি। তবে দ্বিতীয় সেটে নিজের চাওয়া মতো খেলতে পেরে সন্তুষ্ট তিনি।
