২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানে জাতীয় দলের ৫, মেরিনারে ৪ খেলোয়াড়

হাতি-ঘোড়ায় খেলোয়াড়দের চড়িয়ে এনে ঘটা করে এবারের দলবদল সেরে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার জাতীয় দলের পাঁচ তারকাকে দলে টেনে হকির দল গুছিয়ে নিয়েছে ঘরোয়া লিগের ঐতিহ্যবাহী ক্লাবটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 08:42 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

একই দিনে সমর্থকদের স্লোগানমুখর পরিবেশে জাতীয় দলের চার জনকে নিয়ে দল গুছিয়ে নিয়েছে মেরিনার ইয়াংসও।

সোমবার দলবদলের দ্বিতীয় দিনে রাসেল মাহমুদ জিমি, কামরুজ্জামান রানা, ইমরান পিন্টু, দীন ইসলাম, জাহিদ হোসেন-জাতীয় দলের এই পাঁচজনের সঙ্গে চুক্তি সেরে নেয় মোহামেডান।

২০১৩ সালের পর মাঠে গড়ানো লিগের শিরোপা নিজেদের করে নেওয়ার ব্যাপারেও আশাবাদী দলটির তারকা খেলোয়াড় জিমি।

“স্থানীয়দের সঙ্গে বিদেশি খেলোয়াড়দের কালেকশন ভালো হলে আমাদের দলটাও ভালো হবে। চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে আমাদের।”

দলটির ম্যানেজার আশরাফুল হক প্রিন্সও দল নিয়ে আশাবাদী। জার্মান কোচ গেরহার্ড পিটারকে আনার কথা জানিয়ে তিনি বলেন, “যেহেতু নবীন-প্রবীণ নিয়ে দল করেছি; বিদেশিও আছে পাঁচজন, অবশ্যই আমাদের পক্ষে শিরোপা লড়াই করা সম্ভব।”

ফজলে রাব্বী, আশরাফুল ইসলাম, রিমন হোসেন, মইনুল ইসলাম কৌশিক-জাতীয় দলের এই চার জনকে এবার দলে টেনেছে মেরিনার।

মেরিনারের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানার দাবি, এবার ভারসাম্যপূর্ণ দল গড়েছেন তারা। শিরোপা জয়ের প্রশ্নেও আশাবাদী তিনি।

“যদি ভারসাম্যের কথা বলেন, তাহলে আমি বলব, এদিক থেকে আমরা সবচেয়ে ভালো দল গড়েছি। এবার আমরা শিরোপার বড় দাবিদার।”

দ্বিতীয় দিনের দলবদল:

মোহামেডান: রুবেল হোসেন, সামসুদ্দিন তুহিন, শহিদুল্লাহ টিটু, দ্বিন ইসলাম, জাহিদ হোসেন, রাসেল খান, ইমরান হাসান, সালমান সাদিক, আসাদুজ্জামান চন্দন, মোস্তাফিজুর রহমান লালন, রাসেল মাহমুদ জিমি, তাপস বর্মন, কামরুজ্জামান রানা।

মেরিনার ইয়াংস: মাসুদ পারভেজ, প্রশান্ত রায়, আরশাদ হোসেন, ফজলে হোসেন রাব্বি, সোহানুর রহমান, শফিউল আলম শিশির, রাজু আহমেদ তপু, মো: মহসিন, মইনুল ইসলাম কৌশিক, রিমন কুমার ঘোষ।

এ্যাজাক্স এসসি: জয় চক্রবর্তী, মনির হোসেন টিপু।

বাংলাদেশ এসসি: এমএ জব্বার মনি, ইমরান আহমেদ।

আজাদ এসসি: সাদ্দাম হোসেন।

সাধারণ বীমা: সাইফুল ইসলাম, শামিম মিয়া, ফয়সাল হোসেন।