২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটকে গেলেন ভাভরিঙ্কা, শেষ আটে মারে

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে পড়েছেন সাবেক চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কা। পুরুষ এককের অন্য ম্যাচে সহজেই সরাসরি সেটে জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 06:15 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় সোমবার চতুর্থ রাউন্ডে কানাডার মিলোস রায়োনিচের বিপক্ষে প্রথম দুই সেট হেরে গেলেও পরের দুই সেট জিতে ঘুরে দাঁড়ান সুইজারল্যান্ডের ভাভরিঙ্কা। কিন্তু শেষ রক্ষা হয়নি, শেষ পর্যন্ত ৬-৪, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৩ গেমে হেরে যান ২০১৪ সালের চ্যাম্পিয়ন।

ব্রিটিশ তারকা মারের জিততে অবশ্য মোটেই বেগ পেতে হয়নি; এই ব্রিটিশ তারকা ৬-৪, ৬-৪, ৭-৬ গেমে হারান অস্ট্রেলিয়ার বের্নার্ড টমিককে।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারে খেলবেন স্পেনের দাভিদ ফেরারের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের জন ইসনারকে হারিয়ে শেষ আটে ওঠেন অষ্টম বাছাই ফেরার।

মেয়েদের এককের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন আঞ্জেলিক কেরবার ও ভিক্তোরিয়া আজারেঙ্কা।

সপ্তম বাছাই জার্মানির কেরবার ৬-৪, ৬-০ গেমে হারান স্বদেশি আনিকা বেককে। আর সাবেক এক নম্বর তারকা বেলারুশের আজারেঙ্কা ৬-২, ৬-৪ গেমে হারান চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ত্রাইকোভাকে।