মোটা হওয়ার সমালোচনায় বিরক্ত রদ্রিগেস
চোট আর ফর্মহীনতায় ঠিক জ্বলে উঠতে পারছেন না হামেস রদ্রিগেস। দারুণ কিছু ভলি আর গতিতে মাঝে মধ্যে স্বরূপে ফেরার ইঙ্গিত দিলেও ধারাবাহিকতার অভাবে সমালোচনা সইতে হচ্ছে। তবে রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার বেশি বিরক্ত তাকে ‘মোটা’ বলায়।
রিয়াল বেতিসের মাঠ থেকে রোববার রাতে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র করে ফেরে রিয়াল। সপ্তম মিনিটে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে করিম বেনজেমার গোলে হার এড়ায় প্রতিযোগিতার সফলতম দলটি।
ম্যাচ শেষে কলম্বিয়ার মিডফিল্ডার রদ্রিগেস সমালোচনার জবাবে বলেন, “আমার আশপাশের মানুষ জানে, আমি কিভাবে চলি, সবসময় আমি নিজের শরীরের ভালো খেয়াল রাখি। আমি পেশাদার। আমার সম্পর্কে বলা হয় যে, আমি রাতে খুব বেশি বাইরে যাই; এটা মিথ্যা কথা। মানুষ আমাকে সন্দেহ করলে এবং আমাকে মোটা বললে খুব রাগ হয়।”
জিনেদিন জিদানের অধীনে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়ে বেতিসের বিপক্ষে মাঝে মধ্যে মেধার ঝলক দেখালেও নিজের মান অনুযায়ী খেলতে পারেননি হামেস রদ্রিগেস।
তবে বেতিসের মাঠে এক পয়েন্ট নিশ্চিত করা বেনজেমার গোলে মূল অবদানটা ছিল রদ্রিগেসেরই; গোলরক্ষককে কাটিয়ে তার বাড়ানো বল ধরেই আলতো টোকায় লক্ষ্যভেদ করেন বেনজেমা।
এই ড্রয়ের পর লিগে তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ২১ ম্যাচে ৪৪।
