২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের হারের কারণ কস্তা

চেলসির বিপক্ষে বারবার ব্যর্থ হওয়ার অন্তত একটা কারণ খুঁজে পেয়েছেন আর্সেন ভেঙ্গার। আর্সেনালের কোচের মতে, গতবারের মতো এবারও প্রতিপক্ষের দিয়েগো কস্তার কাছেই হারতে হয়েছে তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 04:23 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

রোববার রাতে প্রিমিয়ার লিগে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে চেলসির স্প্যানিশ স্ট্রাইকার কস্তার একমাত্র গোলে হারে আর্সেনাল।

শুধু তাই নয়, ২৩তম মিনিটের ওই গোলের খানিক আগে ব্রাজিলে জন্ম নেওয়া কস্তাকে ফাউল করেই লাল কার্ড দেখেন জার্মান ডিফেন্ডার পের মার্টেসাকার। রেফারির সিদ্ধান্তটা নিয়ে অবশ্য কিছুটা বিতর্ক আছে; রিপ্লে দেখে মনে হয়েছে খুব অল্প সংযোগেই মাটিতে লুটিয়ে পড়েন কস্তা।

ভেঙ্গার অবশ্য রেফারির সিদ্ধান্ত সঠিক কিংবা ভুল নিয়ে কোনো মন্তব্য করেননি।

“শেষ দুই ম্যাচে কস্তার কারণে আমাদের দুজন খেলোয়াড় বহিষ্কৃত হয়েছে। সিদ্ধান্তটা সঠিক না ভুল? আমি জানি না।”

চেলসির মাঠে এবারের লিগের প্রথম পর্বে আর্সেনালের গাব্রিয়েলের লাল কার্ড পাওয়ার ঘটনায়ও জড়িত ছিলেন কস্তা। ওই ম্যাচটি ২-০ গোলে হেরেছিল গানার্স নামে পরিচিত আর্সেনাল।

এ ম্যাচে আর্সেনাল হারায় শীর্ষেই আছে চমক জাগানো লেস্টার সিটি। শনিবার স্টোক সিটিকে ৩-০ গোলে হারানো দলটির ২৩ ম্যাচে পয়েন্ট ৪৭। ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় আর্সেনাল।