২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার দিবালার গোলে ইউভেন্তুসের জয়

ঘরোয়া লিগে চরম বাজেভাবে মৌসুম শুরু করা ইউভেন্তুস দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা একাদশ জয় তুলে নিয়েছে। আর্জেন্টিনার স্ট্রাইকার পাওলো দিবালার একমাত্র গোলে রোববার রাতে রোমাকে হারিয়েছে সেরি আর সফলতম দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 03:12 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

ইউভেন্তুস স্টেডিয়ামে এই ম্যাচে গোল হওয়ার মতো খুব বেশি আক্রমণ দেখা যায়নি। পুরো ম্যাচে রাজধানীর দল রোমা তো কোনো সুযোগই তৈরি করতে পারেনি।

গোলশূন্য প্রথমার্ধের পর অবশেষে ওই গুটিকয়েক আক্রমণের একটি থেকেই ৭৭তম মিনিটে পল পগবার পাস ধরে কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন দিবালা। এ মৌসুমে ২২ বছর বয়সী এই স্ট্রাইকারের এটি চতুর্দশ গোল।

এই জয়ে শীর্ষে থাকা নাপোলির সঙ্গে দুই পয়েন্টের ব্যবধান ধরে রাখলো ইউভেন্তুস। ২১ ম্যাচে বর্তমান ও গত চারবারের চ্যাম্পিয়নদের পয়েন্ট ৪৫। রোববার দিনের অন্য ম্যাচে সাম্পদোরিয়াকে ৪-২ গোলে হারানো নাপোলির পয়েন্ট ৪৭।

তোরিনোকে ২-০ গোলে হারিয়ে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ফিওরেন্তিনা। এবারই প্রথম ইতালির শীর্ষ এই লিগ সেরি আয় উঠে আসা কার্পির সঙ্গে ১-১ গোলে ড্র করে চতুর্থ স্থানে নেমে গেছে ইন্টার মিলান। তাদের পয়েন্টও সমান ৪১, তবে গোল ব্যবধানে পিছিয়ে দলটি।

লিগে শেষ নয় ম্যাচের মাত্র একটিতে জেতা রোমা ৩৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। দুই পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে আছে এসি মিলান।