২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থকদের দুয়ো মেনে নিলেন ফন খাল

সাউথ্যাম্পটনের কাছে হেরে যাওয়ার পর সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে লুই ফন খাল আর তার শিষ্যদের। ম্যাচটিতে দল যেমন খেলেছে, তাতে সমর্থকরা এটা করতেই পারে বলে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 07:20 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে হারে ইউনাইটেড।

ম্যাচ শেষে ফন খাল বলেন, “তাদের দিক থেকে দুয়ো দেওয়াটা ঠিকই আছে। আমি এটা অস্বীকার করতে পারি না।”

ডাচ এই কোচ অবশ্য ইউনাইটেডে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান।

“ভালো অথবা মন্দে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এই হারের পর ২৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। চতুর্থ স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে আছে তারা। আর শীর্ষে থাকা লেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১০।