বেলকে ছাড়াই বেতিসের মাঠে রিয়াল
গত কিছু দিন ধরে একের পর এক গোল করে চলা গ্যারেথ বেলকে ছাড়াই রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। তবে এটা জিনেদিন জিদানের দলের জয়ের প্রতিবন্ধক হওয়ার কথা নয়। স্পেনের সফলতম ক্লাবটির আক্রমণভাগের অপর দুই সদস্য ক্রিস্তিয়ানো রোনালদো আর করিম বেনজেমা আছেন দারুণ ছন্দে।
বেতিসের মাঠে স্পেনের লা লিগার ম্যাচটি শুরু হবে আগামী রোববার বাংলাদেশ সময় রাত দেড়টায়।
লা লিগায় গত রোববার স্পোর্তিং গিহনের বিপক্ষে রিয়ালের ৫-১ গোলের জয়ে পায়ের পেছনের পেশিতে চোট পান এ মৌসুমে লিগে ১৫ ম্যাচে ১৩ গোল করা বেল।
লিগে সবশেষ পাঁচ ম্যাচে রিয়ালের করা ২৫ গোলের মধ্যে ওয়েলসের ফরোয়ার্ড বেল একাই করেন ৯টি।
লিগে সবশেষ পাঁচ ম্যাচে অন্য দুই তারকাও ছিলেন দারুণ ছন্দে; বেনজেমা করেন ৮ গোল, রোনালদো ৬টি।
বেতিসের ভারপ্রাপ্ত কোচ হুয়ান মেরিনোর কাছেও মনে হয়েছে বেলের অনপুস্থিতিতে রিয়ালের কোনো সমস্যা হবে না, তার দলেরও বিশেষ কোনো লাভ হবে না।
“মাদ্রিদে আপনি একজন খেলোয়াড়কে রেখে আসলে আর অন্য একজনকে নিবেন; যে কিনা তারই সমান।”
