ইউরো আর চ্যাম্পিয়ন্স লিগে গোললাইন প্রযুক্তি
ইউরো ২০১৬ আর আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব থেকে গোললাইন প্রযুক্তি ব্যবহার করা হবে।
ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নির্বাহী কমিটি গত শুক্রবার গোললাইন প্রযুক্তি ব্যবহারের অনুমোদন দেয়।
ইউরোপের লিগগুলোয় সফলভাবে এর ব্যবহার আর সম্প্রতি বড় টুর্নামেন্টগুলোয় রেফারিদের ভুলভাবে অনেক গোল বাতিলই উয়েফাকে গোললাইন প্রযুক্তির পক্ষে সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে।
গোললাইন প্রযুক্তি ব্যবহারের পক্ষে-বিপক্ষে উয়েফার নির্বাহীদের মধ্যে অনেক দিন ধরেই বিতর্ক চলে আসছিল।
ফুটবলে সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি মিশেল প্লাতিনি অনেক বছর ধরে গোললাইন প্রযুক্তির বিরোধিতা করে আসছিলেন। পরে অবশ্য ২০১৬ ইউরোতে এর সম্ভাব্য ব্যবহার নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সম্মতি দিয়েছিলেন তিনি।
