২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেভানদোভস্কির জোড়া গোলে বায়ার্নের জয়

এক মাসের শীতকালীন ছুটি কাটিয়ে জার্মানির বুন্দেসলিগায় নতুন বছরের শুরুটা জয় দিয়েই করেছে বায়ার্ন মিউনিখ। রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলে হামবুর্গ এসভিকে ২-১ ব্যবধানে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 03:31 PM

Updated : 11 Oct 2022, 07:39 PM

প্রতিপক্ষের মাঠে ৩৭তম মিনিটে লেভানদোভস্কি বায়ার্নকে এগিয়ে দেওয়া গোলটি করেন পেনাল্টি থেকে। হামবুর্গের গোলরক্ষক ডি-বক্সের মধ্যে টমাস মুলারকে ফেলে দিলে পেনাল্টি পায় বায়ার্ন।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে চাবি আলোনসোর আত্মঘাতী গোলে সমতায় ফেরে হামবুর্গ। একটি ফ্রি-কিক বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান স্পেনের এই মিডফিল্ডার।

৬১তম মিনিটে চলতি মৌসুমে লিগে নিজের ১৭তম গোলটি করে বায়ার্নের জয় নিশ্চিত করেন লেভানদোভস্কি। বুন্দেসলিগার চলতি মৌসুমে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা পোল্যান্ডের এই ফরোয়ার্ড। ১৮ গোল নিয়ে সবার উপরে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের পিয়েরে-এমেরিক আউবামেয়াং।

এই জয়ে ১৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে তারা।