২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে লোভ দেখালেন আগুয়েরো

ম্যানচেস্টারে প্রায়ই বৃষ্টি হয়, বার্সেলোনার মতো সমুদ্র সৈকতও নেই; তবুও ইংল্যান্ডের উত্তর-পশ্চিমের শহরটি লিওনেল মেসির ভালো লাগার কিছু কারণও আছে বলে মনে করেন সের্হিও আগুয়েরো। আর্জেন্টিনা জাতীয় দল সতীর্থকে নিজের ক্লাবে চান ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 10:28 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

বার্সেলোনা ছাড়ার কোনো ইচ্ছে নেই বলে আগেই জানিয়েছিলেন ২৮ বছর বয়সী মেসি। কাতালুনিয়ার ক্লাবটির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ আছে ২০১৯ সাল পর্যন্ত। তবে বিশ্বের অন্যতম দামি এই খেলোয়াড়কে নেওয়ার সামর্থ্য যে গুটিকয়েক ক্লাবের আছে তাদের মধ্যে একটি আবু ধাবির ধনকুবের শেখ মনসুরের ক্লাব ম্যানচেস্টার সিটি।

ম্যানচেস্টার সিটিতে ১৮৫ ম্যাচে ১২০ গোল করা আগুয়েরো স্কাই স্পোর্টসকে বলেন, “সে (মেসি) এরই মধ্যে জানে, এখানে কোনো সৈকত নেই!”

এর পর রসিকতা করে আগুয়েরো বলেন, “আমরা প্রত্যেক তিন দিন পর খেলি। তাই এক ম্যাচ থেকে আরেক ম্যাচের মাঝে আমরা শুধু খাই আর বিশ্রাম করি। তাই আবহাওয়া আসলে কোনো বিষয় নয়।”

“তাই আমি তাকে বলেছি যে, ম্যানচেস্টার শহর হিসেবে আদর্শ। কারণ, তুমি এখানে সারা দিন ঘরেই থাকতে পারবে। প্রতি তিন দিন পর পর তুমি খেলবে; আমরা খেতে পারব, দেখা করতে পারব, মাতে (আর্জেন্টিনার ঐতিহ্যবাহী পানীয়) পান করতে পারব। আর এক সঙ্গে ফুটবল খেলতে পারব।”

পাঁচবারের বর্ষসেরা মেসিকে কেনার সামর্থ্য রিয়াল মাদ্রিদেরও আছে। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে তার মতো একজন খেলোয়াড় কখনই বিক্রি করবে না বার্সেলোনা।

ফুটবল-অবজারভেটরি ডটকমের প্রকাশ করা সবশেষ মূল্যমান অনুযায়ী দলবদলের বাজারে মেসির দাম ২৫ কোটি ১০ লাখ ইউরো।