২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পুরস্কার পেলেন অ্যাথলেটরা

২০১৩ সাল থেকে বিভিন্ন আসরে অংশ নিয়ে পদক জেতা অ্যাথলেটদের আর্থিক পুরস্কার দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 08:04 PM

Updated : 11 Oct 2022, 07:38 PM

অলিম্পিক ভবনে বৃহস্পতিবার বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পাওয়া অ্যাথলেটদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ইন্দোনেশিয়ার পালেম্বাংয়ে ২০১৩ সালে হওয়া ইসলামিক সলিডারিটি গেমসে আর্চারি রিকার্ভ বো ইভেন্টে রূপা জয় জেতা মিলন পেয়েছে দুই লাখ টাকা। একই আসরে তায়কোয়ান্দোতে ব্রোঞ্জ পাওয়া শ্রাবণী পেয়েছেন এক লাখ টাকা।

এসএ গেমসের আগে এই পুরস্কার আরও ভালো করতে অনুপ্রাণিত করবে জানিয়ে মিলন বলেন, “এই পুরস্কার যেন অলিম্পিক অ্যাসোসিয়েশন ধারাবাহিকভাবে দেয়। তাহলে এটা কেবল আমার জন্য নয়, বাকিদের জন্যও ভালো করতে উৎসাহ জোগাবে।”

২০১৪ সালের ১৭তম এশিয়ান গেমসে ক্রিকেটে রূপা জেতা মহিলা ক্রিকেট দল পেয়েছে ১০ লাখ টাকা। একই আসরে ব্রোঞ্জ জেতা পুরুষ ক্রিকেট দল ও মহিলা কাবাডি দলকে পাঁচ লাখ টাকা করে দিয়েছে বিওএ।

২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রূপা জেতেন আব্দুল্লাহেল বাকি; তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকা আর্থিক পুরস্কার।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বাকি বলেন, “আমার উৎসাহ বেড়ে গেলো। আশা করি, আরও যে শুটার আছে, তারা এটা দেখছে। এই পুরস্কার তাদেরকে আগামীকে ভালো করার অনুপ্রেরণা জোগাবে।”

২০১৫ সালে পঞ্চম কমনওয়েলথ ইয়ুথ গেমসে আর্চারির রিকার্ভ বো ইভেন্টে সোনা জেতা  তামিমুল ইসলাম চার লাখ টাকা ও ব্রোঞ্জ পাওয়া নন্দিনী খান সপ্না এক লাখ টাকা পুরস্কার পেয়েছেন।