বোকা জুনিয়র্সের তরুণ মিডফিল্ডারে চোখ রিয়ালের
আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের তরুণ মিডফিল্ডার রদ্রিগো বেতানকুরের সঙ্গে রিয়াল মাদ্রিদ চুক্তি করতে যাচ্ছে বলে খবর দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম।
রিয়াল বা বোকা, কোনো ক্লাবই অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
১৮ বছর বয়সী উরুগুয়ের মিডফিল্ডার বেতানকুর অনেকটাই ফের্নান্দো গাগোর মতো। ২০০৬ সালে ২০ বছর বয়সে বোকা থেকেই রিয়ালে নাম লিখিয়েছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার গাগো।
প্রথম বিভাগ ফুটবলে ২০টিরও কম ম্যাচ খেলা প্লেমেকার বেতানকুরকে পেতে রিয়াল ১ কোটি ৫ লাখ ইউরো খরচ করতে যাচ্ছে বলেও খবরে এসেছে। এটা সত্যি হলে বেতানকুর হয়ে যাবেন বোকার বিক্রি করা ষষ্ঠ দামি খেলোয়াড়।
এর আগে বোকার সবচেয়ে বেশি ট্রান্সফার ফি পেয়েছিল গাগোর ক্ষেত্রে। রিয়াল তাকে দলে নিতে ২ কোটি ইউরো খরচ করেছিল।
১৮ বছরের কম বয়সী খেলোয়াড় চুক্তিবদ্ধ করা নিয়ে নিয়ম ভাঙায় আগামী দুটি দলবদলের বাজারে রিয়াল ও আতলেতিকো মাদ্রিদকে খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। তবে চলতি দলবদলের বাজারে খেলোয়াড় কিনতে পারবে তারা।
