২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরতি ম্যাচে সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ নেইমারের

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ কাপের শেষ আটের দ্বিতীয় পর্বের ম্যাচে সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে রেখেছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড নেইমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 04:10 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

মুনির এল হাদ্দাদি ও নেইমারের গোলে গত বুধবার প্রতিপক্ষের মাঠ থেকে প্রথম পর্বে ২-১ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচটি আগামী বুধবার নিজেদের মাঠে খেলবে লুইস এনরিকের দল।

প্রথম পর্বের ম্যাচ শেষে নেইমার বলেন, “গোলটি (প্রথম পর্বে আথলেতিকের গোল) লড়াইটা জটিল করে দিতে পারে। কিন্তু আমাদের দারুণ একটি ম্যাচ গেছে। এখন আমাদের ফিরতি লেগ জিততে হবে।”

“ম্যাচের ফল নির্ধারণ করে দেওয়ার মতো খেলোয়াড় নিয়ে তারা একটি ভালো দল। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।”

বার্সেলোনা কোচ লুইস এনরিকেও একই সুরে কথা বলেন।

“আমরা আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছি। কিন্তু আগামী বুধবারের ম্যাচটি আকর্ষণীয় হবে।”

চোটের কারণে আথলেতিকের বিপক্ষে প্রথম পর্বের ম্যাচে বার্সেলোনার সেরা ফরোয়ার্ড লিওনেল মেসি খেলতে পারেননি। নিষেধাজ্ঞার কারণে ছিলেন না আরেক তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেসও। এর পরও দল যেমন খেলেছে তাতে খুশি এনরিকে। বিশেষ করে মুনিরের গোল পাওয়াটা ভালো লেগেছে বার্সেলোনা কোচের।