২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে পা দিয়ে মাড়িয়ে ব্যাখ্যা আদুরিসের

নেইমারকে পা দিয়ে মাড়িয়ে দেওয়াটা ইচ্ছাকৃত ছিল না বলে দাবি করেছেন আথলেতিক বিলবাওয়ের ফরোয়ার্ড আরিৎজ আদুরিস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 03:32 PM

Updated : 11 Oct 2022, 07:38 PM

পুরনো খবর:

নেইমারের গোলে বার্সার জয়

স্প্যানিশ কাপের শেষ আটের প্রথম পর্বের ম্যাচে নিজেদের মাঠে গত বুধবার রাতে বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরে যায় আথলেতিক। দলকে মূল্যবান একটি গোল এনে দেওয়া আদুরিসকে ম্যাচ শেষে সমালোচনা শুনতে হয় নেইমারকে মাড়ানোর জন্য।

আদুরিস অবশ্য বিষয়টিকে ‘কেবল ম্যাচের একটি মুহূর্ত’ বলে উল্লেখ করেন।

“ম্যাচ শেষ, সবকিছুই শেষ। আমি কাউকে ব্যথা দিতে চাইনি।…আমি নেইমারের উপর দিয়ে গেছি। কিন্তু তার গায়ে পা লাগানোটা ইচ্ছাকৃত ছিল না। এটা শুধুই ম্যাচের একটি মুহূর্ত এবং মাঠে এ ঘটনা ঘটে থাকে।”

২০১৪-১৫ মৌসুমে কোপা দেল রের ফাইনালে আথলেতিকের এক খেলোয়াড়ের মাথার উপর দিয়ে বল নিয়ে গিয়েছিলেন নেইমার। এই কারিকুরি করার জন্য বেশ সমালোচিতও হয়েছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

এবারও আথলেতিকের বিপক্ষে একই কারিকুরি করে দেখান নেইমার। দ্বিতীয়ার্ধে ফ্লিক করে আদুরিসের মাথার উপর দিয়ে বল নিয়ে যান তিনি। কিন্তু আদুরিস নেইমারকে ফেলে দেন, নেইমারকে ডিঙ্গিয়ে যাওয়ার সময় মাড়িয়ে দেন।

বিষয়টি রেফারির চোখ এড়িয়ে যায়। তবে এ নিয়ে কোনো অভিযোগ নেই নেইমারের।

“ম্যাচ শেষে সব কিছু মাঠেই থাকে। …এটা দেখার জন্য রেফারি ছিল। আমি মনে করি, রেফারিং ঠিকই আছে।”