জোকোভিচ-ফেদেরারের সহজ জয়
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেও সরাসরি সেটে জয় পেয়েছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ ও সুইজারল্যান্ডের রজার ফেদেরার। সহজ জয় পেয়েছেন মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভাও।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় বুধবার র্যাঙ্কিংয়ের সেরা তারকা জোকোভিচ ৬-১, ৬-২, ৭-৬ গেমে হারান ফ্রান্সের কোঁতাঁ হালিসকে।
আর তৃতীয় বাছাই ও রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার ৬-৩, ৭-৫, ৬-১ গেমে হারান অবাছাই ইউক্রেনের আলেকজান্দার দোলগোপোলোভকে।
মেয়েদের এক নম্বর তারকা যুক্তরাষ্ট্রের সেরেনা ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দেন তাইওয়ানের সু-উই হিসেকে। আর সাবেক এক নম্বর রুশ তারকা শারাপোভা বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচকে হারান ৬-২, ৬-১ গেমে।
হেরে গেছেন মেয়েদের এককের ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কোভিতোভা। তাকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন অস্ট্রেলিয়ার ডারিয়া গাভ্রিলোভা।
