ইব্রার গোলে কাপের শেষ ষোলোতে পিএসজি
পিছিয়ে পড়েও ফরাসি কাপে তুলুজকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে পিএসজি। বদলি হিসেবে নেমে ম্যাচের শেষ দিকে দলের জয়সূচক গোলটি করেন জ্লাতান ইব্রাহিমোভিচ।
মঙ্গলবার রাতে নিজেদের মাঠে একাদশ মিনিটে পিছিয়ে পড়েছিল পিএসজি। ৫৪তম মিনিটে দারুণ এক হেডে টুর্নামেন্টের শিরোপাধারীদের সমতায় ফেরান ব্রাজিলের ডিফেন্ডার দাভিদ লুইস।
আর্জেন্টিনার তারকা এসেকিয়েল লাভেস্সির বদলে ৬৪তম মিনিটে ইব্রাহিমোভিচকে মাঠে নামান কোচ লরাঁ ব্লাঁ। মাঠে নামার পর প্রথম স্পর্শেই বল জালে পাঠিয়েছিলেন সুইডেনের এই ফরোয়ার্ড। তবে রেফারি অফসাইডের বাঁশি বাজালে আর গোল পাননি তিনি।
দলের জয়সূচক গোলটি অবশ্য ইব্রাহিমোভিচই করেন। পেনাল্টি থেকে ৮৯তম মিনিটে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান তিনি।
