শেখ জামালে ফিরবেন না মামুনুল
আগামী মৌসুমে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম। একই সিদ্ধান্ত নিয়েছেন তার ক্লাব ও জাতীয় দলের সতীর্থ নাসিরউদ্দিন চৌধূরীও।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) মঙ্গলবার ন্যাশনাল টিমস কমিটির সঙ্গে আলোচনার পর এই লিগের শিরোপাধারীর হয়ে না খেলার সিদ্ধান্তের কথা জানান মামুনুল।
“এটা নিশ্চিত যে, এই মৌসুমে আমি শেখ জামাল ধানমণ্ডির হয়ে খেলছি না। আমার বিশ্রাম দরকার। আমি ঘরে ফিরতে চাই এবং পরে দলবদল নিয়ে সিদ্ধান্ত নেব।”
শেখ রাসেল ক্রীড়া চক্র ছেড়ে ২০১৩ সালে শেখ জামালে যোগ দেন মামুনুল। এই নির্ভরযোগ্য মিডফিল্ডার দলটির অধিনায়কও ছিলেন। শেখ জামালের হয়ে তিনটি প্রিমিয়ার লিগ ও দুটি ফেডারেশন কাপের শিরোপা জেতেন মামুনুল।
কমিটির সঙ্গে আলোচনা শেষে মামুনুলের সুরে সুর মেলান জাতীয় দলের ডিফেন্ডার নাসিরউদ্দিনও।
“আজ ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান আমাদের বলেছেন, আমরা মুক্ত। তাই আমরা এখন শেখ জামালে ফিরে যেতে বাধ্য নই এবং দলবদলের সিদ্ধান্ত আমি নিজেই নেব।”
গত সোমবার বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনালে বাহরাইনের যুবাদের কাছে হেরে স্বপ্ন ভাঙে বাংলাদেশের। ম্যাচের পর শেখ জামালের পরিচালক ইকবাল কবির খোকন টিম হোটেলে এসেছিলেন খেলোয়াড়দের ক্লাবে নিয়ে যেতে। এ নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে।
আগের রাতের ঘটনার জেরে মঙ্গলবার সকালে পুলিশ প্রহরায় হোটেল থেকে বাফুফে ভবনে পৌছান জাতীয় দলে খেলা শেখ জামালের ১১ ফুটবলার।
আগামী মার্চে এএফসি কাপের বাছাইয়ের খেলার জন্য দলের খেলোয়াড়দের ক্লাবে নিয়ে যেতে এসেছিলেন খোকন।
আগামী ২৮ জানুয়ারি শুরু হবে ২০১৫-১৬ মৌসুমের দলবদল। আগামী বুধবার থেকে দলবদলের ‘ফর্ম’ সংগ্রহ করতে পারবেন ফুটবলাররা।
