নবযুগের হ্যাটট্রিকে গোল্ড কাপের ফাইনালে নেপাল
নবযুগ শ্রেষ্ঠার হ্যাটট্রিকে মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে উঠেছে নেপাল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সেমি-ফাইনালে ৩১ ও ৬২তম মিনিটে জোড়া গোল করার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণ করেন নবযুগ। নেপালের অপর গোলদাতা বিশাল রায়। মালদ্বীপের হয়ে ব্যবধান কমান নাশিদ আহমেদ।
৩১তম মিনিটে রবিন শ্রেষ্ঠার বাড়ানো বলে বিমল ঘারতি মাগারের শট মালদ্বীপের পোস্টে প্রতিহত হয়; তবে ফিরতি বলে লক্ষ্যভেদ করে নেপালকে এগিয়ে নেন নবযুগ।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রবিনের ক্রস থেকে অঞ্জন বিস্তার পা হয়ে পেয়ে বক্সের মধ্যে পেয়ে যান বিশাল। আগুয়ান মালদ্বীপ গোলরক্ষককে পরাস্ত করতে ভুল হয়নি এই মিডফিল্ডারের।
৬২তম মিনিটে তৃতীয় গোলটি করে প্রথমবারের মতো গোল্ড কাপের ফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত করে ফেলে নেপাল। সঙ্গে লেগে থাকা এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে লক্ষ্যভেদ করেন নবযুগ।
৭৭তম মিনিটে হাসান নাইজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে নেপাল গোলরক্ষককে পরাস্ত করেন মালদ্বীপের নাশিদ। তবে একটু পরই ইব্রাহিম আনসারের প্রচেষ্টা পোস্টে লেগে প্রতিহত হলে মালদ্বীপের ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল্ড কাপের চলতি আসরে প্রথম হ্যাটট্রিক করেন নবযুগ। তাতে দাপুটে জয় নিয়ে গোল্ড কাপের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যায় বাল গোপাল মহারাজনের শিষ্যদের।
আগামী শুক্রবার ফাইনালে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে নেপাল।
