আথলেতিকের মাঠে সতর্ক বার্সেলোনা
দুই দিনের ব্যবধানে আবারও আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে যাচ্ছে দুরন্ত ফর্মে থাকা বার্সেলোনা। ম্যাচটি প্রতিপক্ষের মাঠে বলে সবশেষ মুখোমুখি লড়াইয়ে বিশাল ব্যবধানে জিতেও লুইস এনরিকের কণ্ঠে বাড়তি সতর্কতা। মৌসুমের শুরুতে এই সান মামেসেই যে বড় এক ধাক্কা খেয়ে ফিরতে হয়েছিল তার দলকে।
আথলেতিকের মাঠে কোপা দেল রে কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বের ম্যাচটি শুরু হবে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায়।
এই আথলেতিককে হারিয়েই গত আসরের শিরোপা জিতেছিল বার্সেলোনা। এরপর গত অগাস্টে ঘটে চরম সেই অঘটন। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে বার্সেলোনাকে ঘরের মাঠে পেয়ে ৪-০ গোলে বিধ্বস্ত করে আথলেতিক। কাম্প নউ ফিরতি লেগের ম্যাচটি ১-১ গোলের ড্র হয়। গত বছর এই একটি শিরোপাই জিততে ব্যর্থ হয় কাতালুনিয়ার ক্লাবটি।
সান মামেসে ওই হারের প্রতিশোধ অবশ্য সপ্তাহ খানেক বাদেই নিয়েছিল বার্সেলোনা। আথলেতিককে তাদের মাঠে ১-০ গোলে হারিয়ে এবারের লা লিগা অভিযান শুরু করে এনরিকের দল। তারপরও স্পেনের সুপার কাপে বড় ব্যবধানে হারের সে দুঃখ সেভাবে ভুলতে পারার কথা নয় মেসি-নেইমারদের।
এনরিকেও তাই ফের কোনো অঘটন এড়াতে খুব সতর্ক। গত রোববার রাতে লিগে আথলেতিককে ৬-০ গোলে বিধ্বস্ত করার পরপরই বার্সেলোনা কোচ জানান, এই প্রতিপক্ষের বিপক্ষে কোনো ম্যাচই সহজ নয়, সান মামেসে তেমনটাই দেখা যাবে।
সবচেয়ে বড় বিষয় ‘এমএসএন’ নামে পরিচিত মেসি, সুয়ারেস, নেইমারের সমন্বয়ে গড়া বার্সেলোনার আক্রমণত্রয়ী রয়েছে দারুণ ছন্দে। সমর্থকদের মাঝে একটা দু:শ্চিন্তা আছে বটে, গত রোববারের ম্যাচে পায়ে ব্যথা পেয়ে বিরতির পর আর খেলেননি দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। অবশ্য তার চোট গুরুতর কিছু নয় বলে জানিয়েছে ক্লাবটি। এ ম্যাচে তার খেলার বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু জানানো হয়নি।
তবে মেসি না খেললেও দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনাই এ ম্যাচে ফেভারিট। এই আর্জেন্টাইন তারকার অনুপস্থিতিতে নেইমার-সুয়ারেস জুটি সে শূন্যতা যে ভালোভাবেই পূরণ করতে পারেন, তার প্রমাণ এ মৌসুমের শুরুতেই মিলেছে।
