২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন জোকোভিচ

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের শুরুর দিনে ম্যাচ ফিক্সিং নিয়ে আলোড়ন উঠেছে টেনিস বিশ্বে। ১০ বছর আগে নোভাক জোকোভিচকেও নাকি হেরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। অবশ্য সময়ের সেরা এই তারকার বিশ্বাস, টেনিসের উচ্চ পর্যায়ে দুর্নীতির কোনো প্রভাব নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 09:49 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

জোকোভিচকে ২০০৭ সালে রাশিয়ায় এক টুর্নামেন্টে প্রথম রাউন্ডে হেরে যাওয়ার জন্য প্রায় দুই লাখ ডলারের প্রস্তাব দেওয়া হয়েছিল। সোমবার এই সার্বিয়ান তারকা নিজেই এ কথা জানান।

“আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়নি, আমার সঙ্গে কাজ করত এমন একজনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করা হয়।”

সঙ্গে সঙ্গেই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন বলে জানান জোকোভিচ। বিষয়টি সত্যি হওয়ার পেছনে তেমন কোনো প্রমাণও নেই বলে জানান ১০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন।

বিবিসি ও যুক্তরাষ্ট্রের ইন্টারনেট মিডিয়া প্রতিষ্ঠান ‘বাজফিড’ কিছু গোপন নথি পেয়েছে, যেখানে টেনিসে বেশ কিছু ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ আছে।

ওই নথিগুলোয় বলা হয়েছে, গত এক দশকে ১৬ জন খেলোয়াড় ইচ্ছে করে ম্যাচ হেরে গেছে বলে টেনিস ইন্টেগ্রিটি ইউনিট সন্দেহ করেছে। তাদের সবাই র‌্যাঙ্কিংয়ের সেরা ৫০ এর মধ্যে ছিল।

এদের মধ্যে কয়েক জন গ্র্যান্ড স্ল্যাম জয়ীও ছিল। কিন্তু এরপরেও সবাইকে খেলা চালিয়ে যেতে দেওয়া হয়।

অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালসের (এটিপি) প্রধান ক্রিস কারমোড অবশ্য ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণগুলো ‘কোনো কারণে চাপা দেওয়া কিংবা ঠিকভাবে সেগুলোর তদন্ত না করার’ অভিযোগ অস্বীকার করেছেন। তবে নতুন কোনো তথ্য পেলে তা তদন্ত করার আশ্বাস দেন তিনি।