ক্লাবেই ফিরে যেতে চান মারুফুল
বাংলাদেশ কোচ হিসেবে টানা দুই আসরের অভিজ্ঞতা মোটেই সুখের হলো না মারুফুল হকের জন্য। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার পর বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনাল থেকে বিদায়। হতাশ মারুফুল তাই জানিয়ে দিলেন-জাতীয় দল আর নয়।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাহরাইনের যুবাদের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় কোচিং ভবিষ্যৎ নিয়ে ওঠা প্রশ্নের উত্তরে ক্লাবে ফিরে যাওয়ার ইচ্ছা জানান মারুফুল।
“এটা আমার জন্য বিব্রতকর প্রশ্ন। সাফ পর্যন্ত আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কথা ছিল সাফে সফল হলে আমি থাকব। সেটা না হলেও আমাকে এ টুর্নামেন্টের জন্য দায়িত্ব দেওয়া হয়। আমি আসলে ক্লাবেই ফিরে যেতে চাচ্ছি।”
“যেই কাজ করুক, তার জন্য শুভ কামনা। আমি আশা করি, সে পারবে,” যোগ করেন ঘরোয়া ফুটবলের অন্যতম সফল এই কোচ।
প্রথমবারের মতো জাতীয় দলের কোচ হওয়া মারুফুলের কাছে প্রত্যাশা ছিল বেশি। তা পূরণ করতে না পারায় হতাশ ঘরোয়া ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে শিরোপা জেতা এই কোচ।
জাতীয় দলের কোচ হিসেবে অভিজ্ঞতা কেমন এমন প্রশ্নের জবাবে মারুফুল এককথায় উত্তরটা দেন, “মিশ্র।”
নিজের কোচিং ক্যারিয়ার নিয়ে চিন্তিত না হওয়ার কথাও জানান মারুফুল, “একটা মৌসুম দিয়ে একজন কোচের সব শেষ হয়ে যেতে পারে এটা আমি বিশ্বাস করি না। তবে অবশ্যই এটা (আজকের হার) আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বাজে অভিজ্ঞতা।”
