জিদানে পাল্টে গেছে রিয়াল
জিনেদিন জিদান কোচ হয়ে আসার পর যেন পাল্টে গেছে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম। কোচ ও খেলোয়াড়দের উষ্ণ সম্পর্কে পাল্টে যাওয়া চিত্রটা ফুটে উঠছে মাঠেও। টানা দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জেতার পর ক্রিস্তিয়ানো রোনালদোর কথাতেও সেটা স্পষ্ট হয়ে উঠেছে।
ধারাবাহিক পারফরম্যান্সের অভাবের দায় মাথায় নিয়ে এ মাসের শুরুতে রাফায়েল বেনিতেসকে বরখাস্ত করে জিদানকে দায়িত্ব দেয় রিয়াল। এরপর নতুন কোচের অধীনে গত সপ্তাহে দেপোর্তিভো লা করুনাকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর গত রোববার স্পোর্তিং গিহনকে ৫-১ গোলে হারায় স্পেনের সফলতম দলটি।
দারুণ এই জয়ের পর জিদানের সঙ্গে খেলোয়াড়দের সম্পর্কের প্রসঙ্গে রোনালদো জানান, খেলোয়াড়েরা জিদানের সঙ্গে একাত্ম অনুভব করে।
বেনিতেসের সঙ্গে জিদানের তুলনায় রোনালদো বলেন, “রাফাকে নিয়ে কখনোই আমার খারাপ অভিমত ছিল না। মাদ্রিদের জন্য সব সময়ই তিনি ভালো কিছু করেছেন, কিন্তু জিজুর চেয়ে ফুটবলটা তিনি ভিন্নভাবে দেখেন।”
স্পোর্তিংয়ের বিপক্ষে দারুণ এই জয়ের পর ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লা লিগার তৃতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৪৫। আর ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট শীর্ষে আতলেতিকো মাদ্রিদ।
