সতীর্থদের খোঁচাতেই জ্বলে উঠলেন সুয়ারেস?
মৌসুমের শুরু থেকে দারুণ কিছুর ইঙ্গিত দেওয়া লুইস সুয়ারেস নতুন বছরের শুরু থেকে গোল পাচ্ছিলেন না। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিকের পর জানালেন, গত কয়েক ম্যাচে তার গোল না পাওয়া নিয়ে সতীর্থরা মজা করতেও ছাড়েনি।
একের পর এক গোল করে নিজেকে দলের অন্যতম সেরা তারকায় পরিণত করা সুয়ারেস গেল বছর শেষ করেন এ মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে। লিগে সর্বোচ্চ ১৫টি গোলসহ সব প্রতিযোগিতা মিলে তার নামের পাশে ছিল মোট ২৬ গোল। কিন্তু ২০১৬ সালের শুরু থেকে প্রতিপক্ষের গোলমুখে তাকে ঠিক স্বরুপে দেখা যাচ্ছিল না। সহজ সহজ সুযোগগুলো নষ্ট করছিলেন।
অবশেষে অসাধারণ এক হ্যাটট্রিকে কি দুর্দান্ত ভঙ্গিতেই না স্বরূপে ফিরলেন সুয়ারেস। তার তিন গোলের সুবাদেই রোববার রাতে লিগে আথলেতিক বিলবাওকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দেয় বার্সেলানা।
ওই ম্যাচের পর সুয়ারেস হাসিমুখে জানালেন, বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামার আগে ড্রেসিং রুমে সতীর্থরা নাকি তার এ বছরে গোল না পাওয়া নিয়ে ‘খোঁচা’ মারতে ছাড়েনি।
“আথলেতিকের বিপক্ষে আমি তিন গোল করার সুযোগ পেয়েছি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের জয়।”
এই তিন গোলের সাহায্যে এককভাবে লা লিগার গোলদাতার তালিকায় শীর্ষে উঠেছেন সুয়ারেস। উরুগুয়ের এই তারকা ফরোয়ার্ডের গোল হলো ১৮টি। ১৬টি করে গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে তার সতীর্থ নেইমার এবং রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজেমা।
সব প্রতিযোগিতা মিলে এ মৌসুমে সুয়ারেসের মোট গোল ২৯টি।
বিলবাওয়ের বিপক্ষে দারুণ এই জয়ের পর ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল বার্সেলোনা। ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল।
