মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চাননি এনরিকে
আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনা বিশাল ব্যবধানে জিতলেও লিওনেল মেসির চোট হয়তো ভাবিয়ে তুলেছিল সমর্থকদের। তবে তার চোট গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন লুইস এনরিকে। দলের সেরা তারকাকে নিয়ে কোনোরকম ঝুঁকি এড়াতেই তাকে তুলে নেওয়ার কথা জানান দলটির কোচ।
রোববার রাতে ঘরের মাঠ কাম্প নউয়ে ৬-০ ব্যবধানে জেতা ম্যাচের প্রথম গোলটি আসে মেসির পা থেকেই। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে বল জালে জড়ান তিনি। পরে নেইমারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি মেসি।
পরে ম্যাচ শেষে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়, ডান পায়ের পেশিতে কিছুটা ব্যথা অনুভব করেছিলেন মেসি। তাই বিরতির পর তাকে আর মাঠে নামানো হয়নি।
এ প্রসঙ্গে এনরিকে বলেন, “আগামীকাল তার চোট পরীক্ষা করা হবে। তার উপর একটু বেশি চাপ পড়েছে। ওই অবস্থায় ঝুঁকি নেওয়াটা ঠিক হতো না। আমি কাউকে নিয়েই ঝুঁকি নিতে চাই না।”
দ্বিতীয়ার্ধে মেসি না থাকলেও লুইস সুয়ারেসের হ্যাটট্রিকে ক্ষণিকের জন্যেও ভাবতে হয়নি বার্সেলোনাকে। ম্যাচের অন্য গোলটি করেন ইভান রাকিতিচ।
