লেস্টারকে হটিয়ে শীর্ষে আর্সেনাল
প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। তবে স্টোক সিটির মাঠে গোলশূন্য ড্র করে পাওয়া মূল্যবান এক পয়েন্টেই লেস্টার সিটিকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেন ভেঙ্গারের দল।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ২১তম মিনিটে প্রথম সুযোগ পায় আর্সেনাল। কিন্তু অলিভিয়ে জিরুদের শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক জ্যাক বাটল্যান্ড। দুই মিনিট বাদে স্বাগতিকরা প্রতি-আক্রমণে ভালো একটি সুযোগ তৈরি করলেও ডাচ মিডফিল্ডার ইব্রাহিম লক্ষ্যভ্রষ্ট শট নিলে তা ভেস্তে যায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে ওঠে। ৫৭তম মিনিটে পেতর চেকের দুর্দান্ত নৈপুণ্যে বেঁচে যায় আর্সেনাল। স্প্যানিশ ফরোয়ার্ড হোসুলোর শট ঝাঁপিয়ে এক হাত দিয়ে ঠেকানোর পর কিরকিচের ফিরতি শট রুখে দেন চেক প্রজাতন্ত্রের এই গোলরক্ষক।
নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে গোল পেতে পারতো স্বাগতিকরা, কিন্তু কাছ থেকেও সুযোগটা কাজে লাগাতে পারলেন না হোসুলো। ফলে গোলশূন্য স্কোরলাইনেও কোনো পারিবর্তন আসেনি।
এই ড্রয়ে শীর্ষে উঠে আসা আর্সেনালের পয়েন্ট ২২ ম্যাচে ৪৪। লেস্টার সিটির পয়েন্টও ৪৪, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।
এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। চতুর্থ স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩৯।
দিনের প্রথম ম্যাচে ওয়েইন রুনির একমাত্র গোলে লিভারপুলকে হারিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে আসে ম্যানচেস্টার ইউনাইটেড। লুই ফন খালের দলের পয়েন্ট ৩৭। ৩১ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে লিভারপুল।
ইপিএলের শীর্ষ ১০ দলের পয়েন্ট তালিকা:
দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল পার্থক্য | পয়েন্ট |
আর্সেনাল | ২২ | ১৩ | ৫ | ৪ | ১৬ | ৪৪ |
লেস্টার সিটি | ২২ | ১২ | ৮ | ২ | ১৩ | ৪৪ |
ম্যানচেস্টার সিটি | ২২ | ১৩ | ৪ | ৫ | ২২ | ৪৩ |
টটেনহ্যাম | ২২ | ১০ | ৯ | ৩ | ২০ | ৩৯ |
ম্যানচেস্টার ইউনাইটেড | ২২ | ১০ | ৭ | ৫ | ৮ | ৩৭ |
ওয়েস্ট হ্যাম | ২২ | ৯ | ৮ | ৫ | ৮ | ৩৫ |
স্টোক সিটি | ২২ | ৯ | ৬ | ৭ | ২ | ৩৩ |
ক্রিস্টাল প্যালেস | ২২ | ৯ | ৪ | ৯ | -১ | ৩১ |
লিভারপুল | ২২ | ৮ | ৭ | ৭ | -৩ | ৩১ |
সাউথ্যাম্পটন | ২২ | ৮ | ৬ | ৮ | ৭ | ৩০ |
