ইব্রাহিমোভিচের গোলে পিএসজির জয়
জ্লাতান ইব্রাহিমোভিচের একমাত্র গোলে ফরাসি লিগ ওয়ানে তুলুসকে হারিয়েছে পিএসজি।
প্রতিপক্ষের মাঠে গত শনিবার ম্যাচের ৭৩তম মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন ইব্রাহিমোভিচ। কর্নার থেকে দাভিদ লুইসের ফ্লিকে হেড করে বল জালে জড়িয়ে এ মৌসুমে নিজের ২৪তম গোল পান সুইডেনের এই তারকা ফরোয়ার্ড।
এই জয়ের পর ২১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা অঁজির চেয়ে ২৩ পয়েন্ট এগিয়ে আছে চলতি মৌসুমে লিগে এখনও কোনো ম্যাচ না হারা দলটি।
এ মৌসুমে ৩১টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে একটিতেই হেরেছে লরাঁ ব্লাঁর দল। ১-০ গোলের হারটি ছিল গত নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
