‘কোণঠাসা’ রোনালদোর পাশে জিদান
দলের প্রয়োজনীয় মুহূর্তে জ্বলে উঠতে না পারায় সমালোচনার মুখে পড়লেও ক্রিস্তিয়ানো রোনালদো জিনেদিন জিদানকে পাশেই পাচ্ছেন। রিয়াল মাদ্রিদ কোচের কাছে এখনও এই পর্তুগিজ ফরোয়ার্ডই বিশ্বসেরা।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে এখন পর্যন্ত ২৫ ম্যাচে ২৫ গোল করলেও দলের প্রয়োজনের সময় ঠিক জ্বলে উঠতে পারেননি রোনালদো। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার সান্তিয়াগো বের্নাবেউয়ে সমর্থকদের ‘দুয়ো’ শুনতে হয় রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের।
সমর্থকদের আস্থা হারালেও নতুন কোচকে ঠিকই পাশে পাচ্ছেন রিয়ালের সেরা তারকা।
শনিবারের সংবাদ সম্মেলনে জিদান বলেন, “রোনালদো ভালো করছে। তার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। তার প্রতি আমি খুবই সন্তুষ্ট। আমার কাছে রোনালদো এখনও বিশ্বের সেরা।”
ম্যাচের আগের এই সংবাদ সম্মেলনে রোনালদোর প্রসঙ্গে জিদান আরও বলেন, “সে ফল নির্ধারক খেলোয়াড়। তাকে নিয়ে সব সময়ই কথা হয়, কিন্তু আমি তাকে নিয়ে খুশি।”
১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লা লিগায় তৃতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪২।
