বিলবাওয়ের বিপক্ষে মেসিদের প্রতিশোধের লড়াই
দুরন্ত গতিতে এগিয়ে চলা বার্সেলোনার সামনে এবার বাধা আথলেতিক বিলবাও। লুইস এনরিকের দলকে আরও একবার চমকে দেওয়ার লক্ষ্য নিয়েই কাম্প নউতে যাচ্ছে লা লিগার মাঝারি মানের ক্লাবটি। আর বার্সেলোনা চাইবে, মৌসুমের শুরুতে স্পেনের সুপার কাপে হেরে যাওয়ার প্রতিশোধ নিতে।
স্পেনের লা লিগার ম্যাচটি শুরু হবে আগামী রোববার বাংলাদেশ সময় রাত দেড়টায়।
লিওনেল মেসি পঞ্চমবারের মতো বর্ষসেরার পুরস্কার পাওয়ার পর এই প্রথম নিজেদের মাঠে খেলতে নামছে বার্সেলোনা। কাম্প নউ জুড়ে তাই আনন্দের একটা আবহ আছে।
এই সুখানুভূতির মধ্যেও মেসি, নেইমারদের মনে প্রতিশোধের আগুন জ্বলাটা স্বাভাবিক। মৌসুমের শুরুতে স্পেনের সুপার কাপের প্রথম পর্বে বিলবাওয়ের মাঠ থেকে ৪-০ গোলে হেরে এসেছিল তারা। দ্বিতীয় পর্বে ১-১ গোলে ড্র করে এনরিকের দল।
স্পেনের সুপার কাপের পর বার্সেলোনার এ মৌসুমের লা লিগা অভিযান শুরু হয় বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। প্রতিপক্ষের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরলেও স্পেনের সুপার কাপে বড় হারের দু:খ সেভাবে ভুলতে পারার কথা নয় মেসি-নেইমারদের।
