২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলের সুযোগ নষ্টে ক্ষুব্ধ মারুফুল

দিনকে দিন দলের খেলায় উন্নতি দেখছেন বাংলাদেশ কোচ মারুফুল হক। কিন্তু গোলের সুযোগ নষ্ট হওয়ায় ক্ষোভ ও হতাশাও আছে তার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 10:50 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। ড্রয়ের পরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গোল্ড কাপের সেমি-ফাইনালে উঠেছে স্বাগতিকরা।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় সেরা চারে ওঠা নিয়ে স্বস্তির কথা জানালেও ফরোয়ার্ডদের, বিশেষ করে শাখাওয়াত হোসেন রনির কড়া সমালোচনা করেন মারুফুল।

“ফিনিশিংয়ে কাম-কুল ব্যাপারটাতো আছেই, আসলে টেকনিকে সমস্যা (আমাদের)। রনি শেষ যে সুযোগটা মিস করেছে, ওটা ভুটানেরও কেউ করত না। এ ধরনের বল যে গ্রাউন্ডে রাখতে হয়, তা ওদেরকেও বলতে হতো না।”

দ্বাদশ মিনিটে বল পায়ে দ্রুত বক্সে ঢুকে নেপাল গোলরক্ষকের গায়ে শট নেন শেখ রনি।  ৫৭তম মিনিটে ডান দিক থেকে হেমন্তের বাড়ানো বলে বক্সের মধ্যে গিয়েও নিয়ন্ত্রণে নিতে পারেননি শেখ জামালের এই ফরোয়ার্ড। এরপর ৮৩তম মিনিটে মোনায়েম রাজুর লম্বা করে বাড়ানো বলে নিয়ন্ত্রণে নিয়ে তাড়াহুড়ো করে পোস্টের উপর দিয়ে উড়িয়ে মারেন রনি।

সুযোগ নষ্টের মিছিলে ছিলেন আরেক ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনও। নিজে গোল পাননি; উল্টো জামাল ভূইয়ার শটে গোলমুখে ছোটা বলে পা লাগিয়ে দিক পাল্টে দেন তিনি! এ নিয়েও হতাশার কথা জানান কোচ, “জামালের শট জীবনের পায়ে না লাগলে ওটা গোল হতো।”

সর্বশেষ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপেও ফরোয়ার্ডরা গোলের সুযোগ হেলায় হারান। গোল্ড কাপে একই অবস্থা। চেষ্টা করেও এ দিকটায় উন্নতি না হওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ কোচ।

“আজকে আসলে সুযোগ নষ্ট হয়েছে অনেক, বিশেষ করে প্রথমার্ধে। এই পর্যায়ে এই ধরনের মিস আসলে দলকে ভোগায়। তারপরও একটা পয়েন্ট অন্তত পাওয়া গেছে।”

“(ফরোয়ার্ডদের মিস নিয়ে) ভাবার কিছু নাই। কোয়ালিটি যা, তাই; এটাই আসলে আমাদের কোয়ালিটি। আমি চেষ্টা করছি; তারপরও যদি না হয়, তাহলে বলতে হবে আমাদের মান এটাই”, যোগ করেন তিনি।

নেপাল কোচ বাল গোপাল মহারাজন ম্যাচের ফল নিয়ে খুশি, “গোল্ড কাপে এখন পর্যন্ত দলের খেলা নিয়ে আমি খুশি। এ পর্যন্ত আমরা মাত্র একটা গোল খেয়েছি। সেমি-ফাইনালের জন্য আমরা উন্মুখ হয়ে আছি; কেননা, এবারই প্রথম আমরা গোল্ড কাপের সেমিতে উঠেছি আমরা।”