২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার রিয়ালের উপর খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা

আগামী দুটি দলবদলের মৌসুমে কোনো খেলোয়াড় চুক্তিবদ্ধ করতে পারবে না স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ আর তাদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 08:36 PM

Updated : 11 Oct 2022, 07:35 PM

১৮ বছরের নীচে আন্তর্জাতিক ফুটবলার চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে নিয়ম ভাঙায় লা লিগায় সবচেয়ে সফল ক্লাব রিয়ালকে এই শাস্তি দিয়েছে ফিফা। ২০১৩-১৪ মৌসুমে লা লিগার শিরোপা জেতা আতলেতিকোকের উপরও একই কারণে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 
 
এই নিষেধাজ্ঞা অবশ্য চলতি জানুয়ারির দলবদলের জন্য প্রযোজ্য নয়। 
 
তবে চলতি দলবদলের বাজার শেষ করার পর ২০১৭ সালের জুলাই পর্যন্ত কোনো খেলোয়াড় চুক্তিবদ্ধ করতে পারবে না ক্লাব দুটি। পরের দুটি দলবদল হবে এ বছরের জুলাই-অগাস্ট আর আগামী বছরের জানুয়ারিতে। 
 

একই সঙ্গে রিয়ালকে ২ লাখ ৪৯ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। আতলেতিকোর জরিমানার পরিমাণটা আরও বেশি, ৬ লাখ ২২ হাজার পাউন্ড। ক্লাব দুটি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।  ২০১৪ সালের এপ্রিলে একই ধরনের শাস্তি পেয়েছিল লা লিগার গত মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা। তারাও ১৮ বছরের নীচে আন্তর্জাতিক ফুটবলার কেনার ক্ষেত্রে ফিফার নিয়ম ভেঙেছিল। বার্সেলোনার নিষেধাজ্ঞা এই জানুয়ারিতেই শেষ হয়েছে। ফিফা তাদের তদন্তে পেয়েছে, আতলেতিকো ২০০৭ থেকে ২০১৪ সালের মধ্যে আতলেকিতোতে বিভিন্ন প্রতিযোগিতায় ১৮ বছরের কম বয়সী খেলোয়াড় খেলেছে। আর রিয়াল মাদ্রিদে খেলেছে ২০০৫ থেকে ২০১৪ সালের মধ্যে সময়ে।